ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানবাধিকার প্রশ্নে দাতাদের কোনো ধরনের হস্তক্ষেপ সরকার মেনে নেবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মর্জ্জিা আজিজুল ইসলাম।
রাজধানীর ব্র্যাক সেন্টারে সোমবার বিকালে বৈদেশিক সাহায্যের উপর আয়োজিত এক সংলাপে তিনি বলেন, সরকার নিজেদের মতো করেই দেশ চালাবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার ও মূল্যবোধ প্রশ্নে দাতাদেশ ও সংস্থার কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।
প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, "দাতাদের কর্মকাণ্ড নিয়ে আমরা অনেক সময় স্ব-বিরোধী অবস্থান নেই। একদিকে আমরা বলি দাতারা শর্ত কমিয়ে আনুক বা সরকার যেনো দাতাদের শর্ত না মানে। অন্যদিকে আবার চাই, আমাদের গণতন্ত্রের ব্যাপারে দাতারা একটা কিছু যেন করে।"
দাতাদের সব শর্ত বর্তমান তত্ত্বাবধায়ক সরকার মানেনি দাবি করে তিনি বলেন, "বিশ্বব্যাংক-আইএমএফসহ বিভিন্ন দাতা সংস্থা অনেক আগে থেকেই জ্বালানি তেলের দাম বাড়াতে বলেছিল। কিন্তু দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে আমরা সুবিধামতো সময়ে তেলের দাম বাড়িয়েছি। দাতাদের এ রকম অনেক শর্তই আমরা মানিনি। তবে এ কারণে তাদের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি হয়নি। বাস্তব অবস্থা তাদের বোঝাতে সক্ষম হয়েছি।"
দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে মির্জ্জা আজিজুল বলেন, "বর্তমানে যে রিজার্ভ আছে তা দিয়ে তিন-চার মাসের আমদানি ব্যয় মোটানো সম্ভব। এখন বৈদেশিক সাহায্যের চেয়ে অনেক বেশি রপ্তানি আয় ও রেমিটেন্স দেশে আসছে।"
সার্বিক বিবেচনায় সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের জন্য বৈদেশিক সাহায্য এখনো প্রয়োজন বলে জানান তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, "সরকার তিন বছর মেয়াদি দ্বিতীয় দারিদ্র বিমোচন কৌশলপত্র (পিআরএসপি) প্রণয়নের কাজ চূড়ান্ত করেছে। দাতাদের পরামর্শে এটি প্রণীত হচ্ছে না। সব শ্রেণীর পেশার মানুষের সঙ্গে আলোচনা করেই দ্বিতীয় পিআরএসপি করা হচ্ছে।"
শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নতুন পিআরএসপি অনুমোদন দেওয়া হবে বলে আজিজুল ইসলাম জানান।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) 'বৈদেশিক সাহায্যের সঠিক ব্যবহারের লক্ষ্যে আক্রা সম্মলন: প্রেক্ষিত বাংলাদেশ' শীর্ষক সংলাপটি আয়োজন করে।
আগামী ২ থেকে ৪ সেপ্টেম্বর ঘানার রাজধানী আক্রায় মন্ত্রী পর্যায়ের এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বব্যাংক, আইএমএফসহ বিভিন্ন দাতা দেশ ও সংস্থার প্রতিনিধিরাও অংশ নেবেন।
সম্মেলনে অর্থ উপদেষ্টা বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে সংলাপে অন্যান্যের মধ্যে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এম সাইদুজ্জামান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী মেজবাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরী, বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি জিয়েন জু, ঢাকায় জাপানের রাষ্ট্রদূত মাসায়েক ইনোও, সাবেক অর্থ সচিব সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
সিডিপি'র অতিরিক্ত গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন সংলাপে মূল প্রবন্ধ পড়েন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএইচবি/২১৪৬ ঘ.
bdnews24