ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর আদায় বাড়ানো না গেলে দেশ স্বনির্ভর হতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।
বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের স্বেচ্ছায় কর প্রদানে উদ্বুদ্ধকরণমূলক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পাশাপাশি এনবিআরের অবকাঠামো সম্প্রসারণে একটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান আব্দুল মজিদ।
তিনি বলেন, "ইতোমধ্যে এ ব্যাপারে সরকারের কাছে একটি প্রস্তাব জমা দেওয়া হয়েছে। আশা করছি শিগগিরই এটি চূড়ান্ত হবে। "
কর অঞ্চল-৭ (ঢাকা) এর আওতায় থাকা আড়াই হাজার করদাতাকে এই অনুষ্ঠানে তালিকাভুক্ত করা হয়। এ ছাড়া এনবিআর চেয়ারম্যান নতুন করদাতাদের মধ্যে টিন সনদ প্রদান করেন।
বাংলাদেশে করদাতাদের কর প্রদানে হতাশা ব্যক্ত করে আব্দুল মজিদ বলেন, "এটি একটি হতাশার চিত্র ১৫ কোটি মানুষের বাংলাদেশে মাত্র ৫ লাখ মানুষ কর দিচ্ছে।"
কর প্রদানের বিষয়টি সহজ করতে সেবার মান উন্নত করার প্রক্রিয়া চলছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।
তিনি বলেন, "রাজধানীতে কর আদায়ের জন্য ওয়ান স্টপ সেবা এবং উপজেলা পর্যায়ে ক্যাম্প করার পরিকল্পনা করা হচ্ছে।"
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও কর কমিশনার জিয়া উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/জিএনএ/১৬৩৭ ঘ.
bdnews24