ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেনেভায় গত জুলাইয়ে অনুষ্ঠিত বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রিপর্যায়ের বৈঠক থেকে বাংলাদেশ কিছু সুবিধা আদায় করতে পেরেছে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তার দাবি, বিশ্ববাজারে অর্থবহ বাজার সুবিধা পাওয়ার ক্ষেত্রে খানিকটা অগ্রগতি হয়েছে।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে সোমবার সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত 'ব্যর্থ ডব্লিউটিও সম্মেলন ও বাংলাদেশ: অভিজ্ঞতা ও বিকল্প' শীর্ষক সংলাপে তিনি এ দাবি করেন।
উপদেষ্টা বলেন, "আপাতদৃষ্টিতে অনেকের কাছে ২১ থেকে ৩১ জুলাই জেনেভায় অনুষ্ঠিত ডব্লিউটিও-র মন্ত্রিপর্যায়ের বৈঠক ব্যর্থ হয়েছে বলে মনে হতে পারে। কিন্তু সেখান থেকে আমরা যে কিছুই পাইনি এ কথা ঠিক নয়। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশে অর্থবহ বাজার সুবিধা পাওয়ার ক্ষেত্রে খানিকটা অগ্রগতি হয়েছে।"
তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের জিএসপি (জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স) সুবিধা বাড়ানোর ব্যাপারে পাকিস্তান ও শ্রীলংকা এখন নমনীয়। বর্তমানে বাংলাদেশের সাত শতাংশ পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পাচ্ছে। বেশ কিছুদিন ধরে আমরা এ সুবিধা বাড়ানোর দাবি জানালেও পাকিস্তান ও শ্রীলংকা জোর আপত্তি করছিল।"
বাণিজ্য উপদেষ্টা জানান, বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা বাড়ালে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হবে যুক্তি দেখিয়ে পাকিস্তান ও শ্রীলংকা এর বিরোধিতা করছিল। তবে তারা আগের অবস্থান থেকে সরে এসেছে। এখন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ১০ শতাংশ জিএসপি সুবিধা দেবে বলে ধারণা করা হচ্ছে।
সার্বিক অবস্থায় হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে সংলাপে হোসেন জিল্লুর বলেন, "জেনেভা বৈঠকে আমাদের সরকারি, বেসরকারি ও গবেষণা সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত টিম সম্মিলিতভাবে অর্থবহ বাজার সুবিধা আদায়ের জন্য দরকষাকষি করেছি। কিছু ক্ষেত্রে সফলতাও পেয়েছি। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী আলোচনাগুলো থেকে সুবিধা আদায় করতে হবে।"
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পড়েন বিশ্ববাণিজ্য সংস্থার জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
তিনি বলেন, "অনেকে আশা করেন খাদ্য নিরাপত্তা ও জ্বালানি সঙ্কট মোকাবিলায় বিশ্ববাণিজ্য সংস্থার সহায়তা করা উচিত। কিন্তু ভুলে গেলে চলবে না যে, ডব্লিউটিও কোনো উন্নয়ন সংস্থা নয়, এটি বাণিজ্য সংস্থা। এর প্রধান কাজ বিভিন্ন দেশকে বাণিজ্য বিষয়ে সহায়তা করা।"
সিপিডি'র চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে সংলাপে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান, বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, সিপিডি'র নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এসকে/২১৫১ঘ.
bdnews24