বরগুনা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনা পানি উন্নয়ন বোর্ডের ঘাটে শনিবার রাতে সরকারি চালবাহী একটি কার্গো খাকদোন নদীতে ডুবে গেছে।
এফ বি ফয়সাল নামের এ কার্গোতে খোলা বাজারে বিক্রি (ওএমএস), উন্নয়ন এবং ভিজিএফ (ভালনার্যাবল গ্র"প ফিডিং) প্রকল্পের আটশ' মেট্রিক টন চাল ছিল বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
বরগুনা জেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বরগুনার সিডর বিধ্বস্ত এলাকায় খোলা বাজারে বিক্রি, ভিজিএফ ও উন্নয়ন খাতে বিতরণের জন্য পাবনার নগরবাড়ি থেকে চাল আনা হচ্ছিল। কার্গোটিতে ২ কোটি ২৪ লাখ টাকা মূল্যের আটশ' মেট্রিক টন চাল ছিল।"
তিনি জানান, শনিবার রাতে কার্গোটি বরগুনা পানি উন্নয়ন বোর্ডের ঘাটে নোঙর করার পর এর তলা ফেটে পানি উঠতে থাকে। রাতে কেউ এটা বুঝতে পারেনি। রোববার সকালে চাল নামানোর আগেই কার্গোটির অর্ধেক ডুবে যায়। এরপর থেকে উদ্ধার কাজ শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত দুশ' মেট্রিক টন চাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
আনোয়ারা পাশা জানান, প্রায় দেড় কোটি টাকার চাল ভিজে নষ্ট হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
বরগুনা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কার্গো ডুবির স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫৪ ঘ.
bdnews24