আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, আগষ্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগ প্রায় অর্ধেকে নেমে এসেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মানুষের সঞ্চয় করার ক্ষমতা কমে যাওয়ায় মূলত এমনটি ঘটেছে বলে মনে করছেন একজন অর্থনীতিবিদ।
২০০৬-০৭ অর্থ বছরে এ খাতে বিনিয়োগ হয়েছিল চার হাজার ১৭৪ কোটি ৯২ লাখ টাকা। গত ২০০৭-০৮ অর্থ বছরে তা দুই হাজার ২২৮ কোটি ২৯ লাখ টাকায় নেমে আসে। এমনকি ২০০৫-০৬ অর্থ বছরের চেয়েও গত অর্থ বছরে এ খাতে ৭৩৮ কোটি ৩৯ লাখ টাকা কম বিনিয়োগ হয়েছে। ২০০৫-০৬ অর্থ বছরে এ খাতে বিনিয়োগের পরিমাণ ছিল দুই হাজার ৯৬৬ কোটি ৫৮ লাখ টাকা।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র গবেষণা পরিচালক জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মূলত দুটি কারণে গত অর্থ বছরে সঞ্চয়পত্রে বিনিয়োগ কমে গেছে। এর একটি হচ্ছে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ পরিবারের অন্য সব খরচ বেড়ে যাওয়ায় মানুষের সঞ্চয় করার ক্ষমতা কমে গেছে। এ কারণে তারা নতুন করে সঞ্চয় করতে পারছে না। উল্টো আগের সঞ্চয় ভেঙ্গে সংসারের খরচ চালাচ্ছে। অন্যদিকে গত অর্থ বছরে বাজেট ঘোষণার পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক আদেশে সঞ্চয়পত্রের মুনাফা থেকে উৎসে কর কেটে রাখা নিয়ে সৃষ্ট জটিলতার কারণেও সঞ্চয়পত্রে বিনিয়োগ কম হয়েছে।"
এছাড়া দেশের বর্তমান পরিস্থিতির কারণে (২০০৭ সালের ১১ জানুয়ারির পর) অনেকে ভয়ে সঞ্চয়পত্রে বিনিয়োগ করছে না বলে মনে করছেন তিনি।
এনবিআরের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উৎস কর কাটা নিয়ে জটিলতার কারণে গত অর্থ বছরের প্রথম দিকে সঞ্চয়পত্র বিক্রি কমে গিয়েছিল। পরে এ বিষয়টির সম্মানজনক সমাধান হওয়ায় অর্থ বছরের বাকি সময়ে সঞ্চয়পত্রে বিনিয়োগ মোটামুটি ভালো হয়েছে।"
২০০৭ সালের ১০ জুলাই রাজস্ব বোর্ড সঞ্চয়পত্রের মুনাফার উপর ১০ শতাংশ হারে উৎসে কর কর্তনের ঘোষণা সংক্রান্ত এক আদেশ জারি করে। ঐ আদেশে বলা হয়, সঞ্চয়পত্রের মুনাফা ২৫ হাজার টাকার বেশী হলেই ১০ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হবে।
এরপর ৬ অক্টোবর প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় সঞ্চয়পত্রের দেড় লাখ টাকা পর্যন্ত মুনাফা করমুক্ত করার সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়। ২৯ অক্টোবর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ এ সংক্রান্ত এক অধ্যাদেশ জারি করেন। ৩০ অক্টোবর তা গেজেট আকারে প্রকাশ করা হয়। ওই অধ্যাদেশ ২০০৭ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।
এনবিআরের চেয়ারম্যান বলেন, "অধ্যাদেশ জারির পর সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে কর কাটা নিয়ে যে জটিলতার সৃস্টি হয়েছিল তার নিরসন হয়েছে।"
বর্তমানে দেশে তিন ধরনের সঞ্চয়পত্র চালু আছে। এগুলো হচ্ছে, ৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন বছর মেয়াদী তিন মাস অন্তর সঞ্চয়পত্র ও ৫-বছর মেয়াদী তিন মাস অন্তর পেনশন সঞ্চয়পত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জিএনএ/১২০০ ঘ.
bdnews24