২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক মূলধন বাড়িয়ে ৪০০ কোটি টাকা করার নির্দেশ

আগামী তিন বছরের মধ্যে মূলধন বাড়িয়ে ৪০০ কোটি টাকায় উন্নীত করতে ব্যর্থ ব্যাংককে অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা হবে। এর মধ্যে পরিশোধিত বা আদায়কৃত মূলধন হতে হবে কমপক্ষে ২০০ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2008, 03:15 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী তিন বছরের মধ্যে মূলধন বাড়িয়ে ৪০০ কোটি টাকায় উন্নীত করতে ব্যর্থ ব্যাংককে অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা হবে। এর মধ্যে পরিশোধিত বা আদায়কৃত মূলধন হতে হবে কমপক্ষে ২০০ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। ডেপুটি গভর্নর নজরুল হুদা স্বাক্ষরিত এই সার্কুলারে বলা হয়, "বাংলাদেশে পরিচালিত ব্যাংক-কোম্পানিগুলোর আর্থিক বুনিয়াদ আরও শক্তিশালী করতে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক সরকারের সঙ্গে পরামর্শ করে এসব প্রতিষ্ঠানের নূন্যতম মূলধনের পরিমাণ ৪০০ কোটি টাকা নির্ধারণ করেছে।" বৃহস্পতিবার এ সংক্রান্ত আরেকটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, তিন বছরের মধ্যে সব ব্যাংকের নূন্যতম পরিশোধিত বা আদায়কৃত মূলধন ও সংরক্ষিত তহবিল ৪০০ কোটি টাকায় উন্নীত করতে হবে। এর মধ্যে পরিশোধিত মূলধন হতে হবে কমপক্ষে ২০০ কোটি টাকা। ৪০০ কোটি টাকা মূলধন সংগ্রহের জন্য 'করোত্তর মুনাফা' বণ্টন না করে রিজার্ভ বৃদ্ধি এবং প্রয়োজনে আইপিও বা রাইট শেয়ার ইস্যুর ব্যবস্থা করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, মূলধন সংরক্ষণে ঘাটতি থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যাংকগুলোর আর্থিক অবস্থা শক্তিশালী করার জন্যই পর্যাপ্ত সময় দিয়ে এ পদক্ষেপ নেয়া হয়েছে।" এতে করে ব্যাংকিং খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিন বছর সময় দেয়ার ফলে সব ব্যাংকই ৪০০ কোটি টাকা মূলধন করার যথেষ্ট সময় পাবে। এর ফলে ব্যাংকগুলো, বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলো শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারবে।" বাংলাদেশ সরকার ৭০ এর দশকের পর তিন ধাপে মোট ৩০টি বেসরকারি ব্যাংককে লাইসেন্স দেয়। এর বাইরে চারটি রাষ্ট্রায়ত্ত, নয়টি বিদেশি ও পাঁচটি বিশেষায়িত ব্যাংক দেশে কার্যক্রম চালাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা বস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা হবে। অর্থাৎ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা কমে আসবে। ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম নাজমুল কাদির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সব সময় মূলধন স্বল্পতার কারণে দুটি ব্যাংককে একীভূত হতে হয় তা নয়। ব্যবস্থানার ত্র"টি ও ঋণ সংক্রান্ত সমস্যা মেটাতেও অনেক সময় একাধিক ব্যাংককে এক ব্যবস্থাপনার অধীনে আনা হয়।" নাম প্রকাশ না করার শর্তে আরেকজন শীর্ষ ব্যাংক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বিশ্বাস, ব্যাংকের সংখ্যা কমিয়ে আনতেই কেন্দ্রীয় ব্যাংক মূলধন বৃদ্ধির এ নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক এর আগে ব্যাংকগুলোর পরশোধিত মূলধন ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০০ কোটি টাকা করার নির্দেশ দিয়েছিল। গত বছরের অক্টোবরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। ২০০৯ সালের জুনের মধ্যে পরিশোধিত মূলধন ২০০ কোটি টাকা করতে সময় বেধে দেয়া হয়েছিল। আর বৃহস্পতিবারের প্রজ্ঞাপনে ২০১১ সালের ১১ আগস্টের মধ্যে ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিল মিলিয়ে মোট ৪০০ টাকা করার নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এ ক্ষেত্রে পরিশোধিত মূলধন কোনো অবস্থাতেই ২০০ কোটি টাকার কম হলে চলবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/০০০৬ ঘ.