২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরীব মানুষকে সেবা দিয়েও মুনাফা করা সম্ভব: হোসেন জিল্লুর

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দেশের গরীব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বৃহস্পতিবার বলেছেন, দেশের প্রান্তিক মানুষকে সেবা দিয়েও মুনাফা করা সম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 12:52 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দেশের গরীব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বৃহস্পতিবার বলেছেন, দেশের প্রান্তিক মানুষকে সেবা দিয়েও মুনাফা করা সম্ভব। একই আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের গরীব মানুষের ভাগ্যন্নয়নে ক্ষুদ্র ঋণ মোটেই যথেষ্ট নয়। বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল শেরাটনে 'ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান' মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তারা এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, "বেশি লাভের আশায় তারা (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো) শহরের সুনির্দিষ্ট কিছু খাতেই বিনিয়োগ করে। গরীব মানুষের স্বার্থ তারা একদমই দেখে না। কিন্তু তাদের বুঝতে হবে যে, গরীব মানুষ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের জন্য বোঝা নয়। দেশের প্রান্তিক মানুষকে সেবা দিয়েও কোটি কোটি টাকা মুনাফা করা সম্ভব।" ভারতের আইসিআইসিআই ব্যাংকের উদাহরণ টেনে তিনি বলেন, "ব্যাংকটি সে দেশের গরীব মানুষকে সেবা দিয়েও মোটা অঙ্কের মুনাফা করছে।" দক্ষ ও দূরদর্শী জনবল নিয়োগ করে শিপ বিল্ডিংয়ের মতো নতুন নতুন খাতে বিনিয়োগের জন্যও ব্যাংকগুলোকে পরামর্শ দেন উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, "দেশের গরীব মানুষের ভাগ্যন্নয়নে ক্ষুদ্র ঋণ মোটেই যথেষ্ট নয়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও এ ব্যাপারে এগিয়ে আসতে হবে।" হোসেন জিল্লুর রহমান দাবি করেন, বাংলাদেশ এখন যে কোনো পরিস্থিতিতে ৫ শতাংশ জিডিপি (মোট অভ্যন্তরীণ উৎপাদন) প্রবৃদ্ধি অর্জনের পর্যায়ে পৌঁছে গেছে। তিনি বলেন, "দেশে চরম অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি দেখা দিলেও এটা অর্জিত হবে। আর যদি রাজনৈতিক স্থিতিশীলতা থাকে তাহলে আরও ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব।" নির্জের দাবির পেছনে যুক্তি দিতে গিয়ে হোসেন জিল্লুর বলেন, "বাংলাদেশের মানুষ উদ্যোগী। তারা নেতা বা নীতির জন্য অপেক্ষা করে না। আমাদের অনেক সমস্যা আছে। এর মধ্যেও আমরা ভালো করছি। আর এটি সম্ভব হচ্ছে এই উদ্যোগী মানুষদের জন্য।" উপদেষ্টা আরো বলেন, "আমরা (সরকার) রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার জন্য আপ্রাণ চেষ্টা করছি। একইসঙ্গে অর্থনৈতিক উত্তরণেরও জন্যও কাজ করছি। এ দুটি কাজ যুগপথ চলছে। আশা করি, দুই ক্ষেত্রেই ইতিবাচক ফল পাওয়া যাবে।" সরকারি তথ্য অনুযায়ী, গত (২০০৭-০৮) অর্থবছরে বাংলাদেশে ৬ দশমিক ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে। চলতি অর্থবছরে প্রবৃদ্ধি অর্জনের লক্ষমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। শেরাটনের উইন্টার গার্ডেনে তিন দিনের এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাহমুদ কে সাত্তার, বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) চেয়ারম্যান আনিস এ খান বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/জিএনএ/১৮৪৭ ঘ.