ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন এন্ড টেকনোলজিকে (বিআইএফটি) পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করতে সরকারের কাছে প্রস্তাব করা হয়েছে।
ইনস্টিটিউটির পরিচালনাকারী সংগঠন 'বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি' (বিজিএমইএ) এই প্রস্তাব দিয়ে বলেছে, বর্তমানে পোশাক শিল্পে পাঁচ হাজার বিদেশি নাগরিক কাজ করছে। বিশেষ শিক্ষায় শিক্ষিত জনশক্তি ছাড়া এই বিদেশি নাগরিকদের জায়গা পূরণ করা সম্ভব নয়।
বুধবার বিকেলে বিজিএমইএ সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব দেন।
এ ব্যাপারে সরকার ইতিবাচক সাড়া দেবে বলে উপদেষ্টা আশ্বাস দিয়েছেন- বিজিএমইএ'র সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা বলেছেন, "নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাক্ট বর্তমানে প্রক্রিয়াধীন আছে, যা চলতি মাসেই চূড়ান্ত হতে পারে। এরপর অগ্রাধিকার ভিত্তিতে বিজিএমইএ'র প্রস্তাব বিবেচনা করা হবে।"
বিজিএমইএ সভাপতি বলেন, "পোশাক শিল্পের চাহিদা পূরণের লক্ষ্যে মানব সম্পদ উন্নয়ন বিশেষ করে মিডলেভেল ম্যানেজমেন্ট উন্নয়নে বিজিএমইএ'র উদ্যোগে স্থাপিত বিআইএফটি গত ৮ বছর ধরে কাজ করছে। এর সঙ্গে অনেক বিদেশি বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ হয়েছে। কিন্তু ওই সব বিশ্ববিদ্যালয়ে চালু থাকা দীর্ঘমেয়াদি অনেক কোর্স বিআইএফটি-কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করা ছাড়া চালু করা সম্ভব হচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএইচবি/২১৫০ ঘ.
bdnews24