ঢাকা, ৫ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করা প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে বাতিল করার কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের একটি কমিটি করেছে সরকার।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবদুস সোবহান সিকদারকে প্রধান করে গঠিত কমিটিকে এর পেছনে কোনো অনিয়ম বা দুর্নীতি আছে কীনা তা খতিয়ে দেখে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ সময়ের মধ্যে এ প্রকল্পের কাজের জন্য পুন:দরপত্র আহ্বান না করারও নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ড. মুহম্মদ মাহবুবুর রহমান টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।
কমিটির অন্য দুজন সদস্য হলেন যোগাযোগ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের দুজন যুগ্ম সচিব।
সচিব বলেন, "পিপিআর এর শর্ত পুরণ না হওয়ায় দরপত্র বাতিল করা হয়।"
গত ৭ এপ্রিল যোগাযোগ মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, বিবেচ্য দরপত্রে কার্য সম্পাদন জামানত দাখিলের সময় '২৮ দিনের মধ্যে' কথাটি '৭ দিনের মধ্যে' কথা দিয়ে প্রতিস্থাপন সরকারি ক্রয় সংক্রান্ত বিধির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ার কারণে টেন্ডার প্রক্রিয়া বাতিল করা হয়।
সরকারি ক্রয় নীতিমালা অনুযায়ী, বিজয়ী প্রতিষ্ঠানের নাম ঘোষণার ২৮ দিনের মধ্যে জামানতের টাকা জমা দেওয়ার বিধান রয়েছে। কিন্তু এই প্রকল্পের জন্য যে দরপত্র আহ্বান করা হয়েছিল তাতে সাত দিনের মধ্যে জামানতের টাকা জমা দিতে বলা হয়েছিল। নিজেদের এ 'ভুলের' যুক্তি দেখিয়েই টেন্ডার প্রক্রিয়া বাতিল করেছে যোগাযোগ মন্ত্রণালয়। প্রকল্প পরিচালককেও অল্প সময়ের মধ্যে অন্যত্র বদলির আদেশ দিয়েছে এ মন্ত্রণালয়।
যোগাযোগ মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের কারণে কাজ শুরুর প্রাক্কালে থমকে যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক স
bdnews24