ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০ আগস্ট থেকে দরিদ্রদের জন্য খোলাবাজারে চাল বিক্রির (ওএমএস) কার্যক্রম শুরু হচ্ছে। প্রতি কেজি ২৮ টাকা দামে একজন একবারে সর্বোচ্চ তিন কেজি চাল কিনতে পারবে।
আগামী অক্টোবর পর্যন্ত ওএমএস-এর আওতায় ২ লাখ ২৯ হাজার মেট্রিক টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ে খাদ্য পরিধারণ ও পরিকল্পনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, "আগামী ২০ আগস্ট থেকে দেশের সর্বত্র একযোগে ওএমএস কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়েছে। জনপ্রতি তিন কেজি করে সপ্তাহের ছয় দিন চাল বিক্রি হবে। এবার ওএমএস-এ ২ লাখ ২৯ হাজার মেট্রিক টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।"
প্রতি কেজি চালের দাম ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, "গত বোরো মৌসুমের অভ্যন্তরীণ সংগ্রহ মূল্যেই ওএমএস'র চাল বিক্রি করা হবে। কৃষকদের উৎপাদন ব্যয়ের সঙ্গে ৪০ শতাংশ লাভ দিয়ে সরকার চাল সংগ্রহ করেছিল। ডিলারদের কেজি প্রতি এক টাকা ৫০ পয়সা কমিশন দেওয়া হবে।"
তিনি জানান, ডিলারদের মাধ্যমে ওএমএস কার্যক্রম চললেও পাশাপাশি বিডিআর ও আনসারের মাধ্যমে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে।
দেশে বর্তমানে চালসহ খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ রয়েছে দাবি করে অর্থ উপদেষ্টা বলেন, "অভ্যন্তরীণ বাজার থেকে প্রায় ৭ লাখ মেট্রিক টন চাল ইতোমধ্যেই সংগ্রহ হয়েছে। আবহাওয়া ও বিদ্যুতের কারণে সংগ্রহ কিছুটা বিলম্বিত হয়েছে। তবে এখন আর কোনও সমস্যা হচ্ছে না।"
পরিধারণ ও পরিকল্পনা কমিটির সভাপতি খাদ্য উপদেষ্টা এএমএম শওকত আলীর সভাপতিত্বে ওই সভায় অর্থ উপদেষ্টা ছাড়াও কৃষি উপদেষ্টা ড. সিএস করিম, স্থানীয় সরকার উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল, পরিকল্পনা সচিব জাফর আহমেদ চৌধুরী এবং খাদ্য সচিব মোল্লা ওয়াহেদুজ্জামানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/এসকে/১৫২৫ঘ.
bdnews24