২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডলারের দুটি বন্ডে বিনিয়াগকারীদের পাঁচজন সিআইপি হচ্ছেন

ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়াগকারীদের প্রথমবারের মতো সরকার 'গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। সরকারের এ দুটি বন্ডে যে সব প্রবাসী বাংলাদেশী ১ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছেন এবং যাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই তাদের মধ্য থেকে পাঁচ জনকে বাছাই করে ২০০৮ সালের জন্য সিআইপি মনোনীত করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2008, 04:02 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম)- ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়াগকারীদের প্রথমবারের মতো সরকার 'গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। সরকারের এ দুটি বন্ডে যে সব প্রবাসী বাংলাদেশী ১ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছেন এবং যাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই তাদের মধ্য থেকে পাঁচ জনকে বাছাই করে ২০০৮ সালের জন্য সিআইপি মনোনীত করেছে সরকার। আগামী বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পাঁচ জনের নাম ঘোষণা করা হবে। অভ্যন্তরীন সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২০০২ সালে এ দুটি বন্ড চালু হওয়ার পর এতে বিনিয়োগকারীদের মধ্য থেকে বাছাই করে প্রতি বছরই কয়েকজনকে সিআইপি ঘোষণা করার কথা ছিল। কিন্তু এতোদিন তা করা হয়নি। আবদুল মজিদ বলেন, "এবার ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে বিনিয়োগকারীদের মধ্য থেকে একজন এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়াগকারীদের মধ্য থেকে চারজনকে সিআইপি হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম এই পাঁচ গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম ঘোষণা করবেন এবং তাদের সম্মাননা প্রদান করবেন।" রপ্তানিসহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সরকার ঘোষিত সিআইপি-রা যে সুযোগ-সুবিধা পেয়ে থাকেন, এই দুটি বন্ডে বিনিয়োগকারী সিআইপি-রাও একই সুযোগ-সুবিধা পাবেন বলে আবদুল মজিদ জানান। নাম প্রকাশ না করার শর্তে আইআরডি'র এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে বিনিয়োগের জন্য মোহাম্মদ নূরুল হক এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগের জন্য সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান, ইঞ্জিনিয়ার এ কে এম মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ও ড. কাজী গিয়াস উদ্দিন সিআইপি সম্মানে ভূষিত হতে যাচ্ছেন। প্রসঙ্গত, তিন বছর মেয়াদি ইউএস ডলার প্রিমিয়াম বন্ডের সুদের হার হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ। আর একই মেয়াদের ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার হচ্ছে ৬ দশমিক ৫ শতাংশ। এ দুটি ক্ষেত্রেই যারা ১ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবেন তারাই কেবল সিআইপি হিসেবে স্বীকৃতি পাওয়ার সুযোগ পাবেন বলে বন্ড দুটি ছাড়ার সময় নিয়ম বেধে দেয়া হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএইচবি/২১৫৩ ঘ.