২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পে নারীবান্ধব পরিশে সৃষ্টিতে প্রকল্প গ্রহণ করেছে উইমেন চেম্বার

শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে এক বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নিয়েছে নারী ব্যবসায়ীদের সংগঠন- বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিডব্লিউওসিসিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2008, 03:13 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে এক বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নিয়েছে নারী ব্যবসায়ীদের সংগঠন- বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিডব্লিউওসিসিআই)। জাতীয় প্রেসক্লাবে সোমবার বিকেলে 'অধিপরামর্শের মাধ্যমে নারী উদ্যোক্তা উন্নয়ন' শীর্ষক প্রকল্পটি উদ্বোধন করেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। বিডব্লিউওসিসিআই'র প্রকল্প সমন্বয়ক মজিবুর রহমান জানান, শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ সৃষ্টিই প্রকল্পটির লক্ষ্য। এর আওতায় ছয়টি বিভাগে নারী উদ্যোক্তাদের মধ্যে দলীয় (গ্র"প) মুক্ত আলোচনার মাধ্যমে ইস্যুভিত্তিক তথ্য সংগ্রহ ও সুপারিশমালা প্রণয়ণ করা হবে। মজিবুর রহমান বলেন, "সমগ্র বাংলাদেশের নারী উদ্যোক্তারা এ প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন। এর মাধ্যমে জেন্ডার, ব্যক্তি স্বাধীনতা এবং গণতান্ত্রিক পথ সুসংহত হবে। ব্যবসায় ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়বে।" প্রধান অতিথি রাশেদা কে চৌধুরী ঋণ সুবিধার পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতাকে নারী উদ্যোক্তাদের জন্য বড় সমস্যা উল্লেখ করে কোথায় কোথায় সমস্যা হচ্ছে তার জানাতে বিডব্লিউওসিসিআই'র নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, "তথ্যসহ বিষয়টি আমাকে জানালে আমি অর্থ উপদেষ্টার কাছে এ বিষয়ে চাহিদাপত্র (ডিও লেটার) দেব।" ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও পানিসম্পদ সচিব আইয়ুব মিয়া এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন দিক তুলে ধরেন বলেন, "নারী উদ্যোক্তা তৈরিতেও ফাউন্ডেশন বিশেষ নজর দিচ্ছে।" অনুষ্ঠানে বাংলাদেশ বণিক সমিতির সভাপতি আনিসুল হক পাশ্ববর্তী বিভিন্ন দেশের উদাহরণ টেনে বলেন, "আমাদের দেশে যেভাবে নারী উদ্যোক্তা আসার কথা ছিল সেভাবে আসেনি। এ বিষয়ে নারীদের আরও সক্রিয়া হতে হবে।" ঋণের বিষয়ে ব্যাংকার সমিতি, ব্যাংক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সঙ্গে বসে সমাধানের পরামর্শ দেন তিনি। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম নারী উদ্যোক্তা বাড়াতে নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নের ওপর জোর দেন। বিডব্লিউওসিসিআই'র সভাপতি সেলিমা আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন নারী উদ্যোক্তা তাদের সমস্যার কথা তুলে ধরেন। বেশিরভাগ উদ্যোক্তাই ঋণ পাওয়ার ক্ষেত্রে সমস্যার কথা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/টিএইচ/এসএনডি/২০৫১ ঘ.