ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাসের অভাবে দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে মন্তব্য করে শ্রম ও কর্মসংস্থান এবং বস্ত্র ও পাট উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেছেন, বাংলাদেশ পর্যাপ্ত গ্যাসের ওপরে ভাসছে- এমন তথ্য সঠিক নয়।
রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে বৃহস্পতিবার 'পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিকদের সার্ভিস বই প্রবর্তন কর্মসূচির' উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "সবাই জানে বিদ্যুত পরিস্থিতি এখন বেহাল। গ্যাসের অভাবে আমরা পাঁচশ মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না।"
তিনি বলেন, "গ্যাসের ওপর বাংলাদেশ ভাসছে বলে এতোদিন যা শুনেছি তা ঠিক না। আবার কয়লা দিয়ে বিদ্যুৎ কেন্দ্র চালু করার বিষয়টিও এখনো ঠিক হয়নি। উন্মুক্ত না সুড়ঙ্গ পদ্ধতিতে কয়লা তোলা হবে তা নিয়েও বিতর্ক রয়েছে।"
সার্ভিস বই কর্মসূচির উদ্বোধন করে আনোয়ারুল ইকবাল বলেন, চাকরি ক্ষেত্রে নিরাপত্তা বাড়াতে আগামী দু'মাসের মধ্যে প্রতিটি কারখানার প্রত্যেক শ্রমিকের জন্য আলাদা সার্ভিস বই করতে নির্দেশ দিয়েছে সরকার।
অনুষ্ঠানে পোশাক শিল্পের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানীকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ বলেন, "যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের রপ্তানি ২৫ শতাংশ কমে গেছে। ইউরোপেও একই অবস্থা। যুক্তরাষ্ট্রের বাজারের আফ্রিকার এলডিসি দেশগুলো শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পেলেও বাংলাদেশ পাচ্ছে না।"
পোশাক রপ্তানি ক্ষেত্রে সহযোগিতার জন্য বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে আরো সক্রিয় করার দাবি জানান তিনি।
আনোয়ার-উল-আলম বলেন, "যুক্তরাষ্ট্রে বিজিএমইএ নিজ খরচে লবিস্ট ফার্ম চালা"েচ্ছ। অথচ একই ইস্যুতে ভারত সরকার বিভিন্ন লবিস্ট ফার্ম নিয়োগ করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএনডি/এমএইচবি/২১৪১ ঘ.
bdnews24