ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জরুরি ভিত্তিতে খাদ্যশস্য আমদানি করার জন্য সময় কমাতে কোটেশন পদ্ধতি ব্যবহারের নির্দেশ দিয়েছে অর্থনেতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি।
বৃহস্পতিবার মন্ত্রীপরিষদ বিভাগে অনুষ্ঠিত কমিটির এক সভায় এ নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
সভা শেষে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, পাবলিক প্রকিউরমেন্ট রেগুলেশনের (পিপিআর) ৮৩ ধারা মতে দরপত্রের মাধ্যমে খাদ্যশস্য সংগ্রহে ৪২ দিন এবং পুনঃদরপত্রের ক্ষেত্রে আরো ২৮ দিন সময় লেগে যায়। অথচ পিপিআর এর ৮৫ ধারা অনুযায়ী কোটেশন পদ্ধতি ব্যবহার করে মাত্র ১০ দিনেই খাদ্যশস্য আমদানি করা সম্ভব।
এ কারণে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি খাদ্যশস্য সংগ্রহে দরপত্রের পরিবর্তে কোটেশন পদ্ধতি ব্যবহারের নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।
উপদেষ্টা আরো বলেন প্রাইভেটাইজেশন কমিশন দীর্ঘদিন ধরে তাদের কাছে থাকা তিনটি কারখানার বেসরকারিকরণ করতে না পারায় কারখানাগুলোর নথিপত্র ফেরত দিতে বলা হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) বন্ধ কারখানা খুলনা কাগজ কল, নর্থবেঙ্গল কাগজ কল ও চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স নামে এই কারখানা তিনটি পুনরায় চালু করা প্রয়োজন মন্তব্য করে উপদেষ্টা বলেন, নথিপত্র ফেরত পাওয়া গেলে সরকার এ লক্ষ্যে পদক্ষেপ নেবে।
এছাড়াও সভায় চট্টগ্রাম এলাকার সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন বিভিন্ন সেতু ও বেইলি ব্রিজ মেরামতের জন্য স্থানীয় ড্রাইডক থেকে সরঞ্জাম সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই প্রতিষ্ঠানটি (ড্রাইডক) আর্থিক সমস্যায় থাকার কারণে এসব সরঞ্জাম সংগ্রহে ৭৫ শতাংশ দাম আগাম জমা দেওয়ার সিদ্ধান্তও হয়েছে বলে উপদেষ্টা জানান।
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরো উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা ড. এ এম এম শওকত আলী, খাদ্য সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, যোগাযোগ সচিব ড. মোহাম্মদ মাহবুবুর রহমান এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আমিনুল ইসলাম ভুঁইয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/আরএ/এসকে/১৫৪৭ঘ.
bdnews24