২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতিতে সরকারের করা ক্ষতি কাটাতে ২০ বছর লাগবে: কাদের সিদ্দিকী

বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী অভিযোগ করেছেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দেশের অর্থনীতির যে ক্ষতি করেছে তা কাটিয়ে উঠতে ২০ বছর সময় লাগবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2008, 04:55 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী অভিযোগ করেছেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দেশের অর্থনীতির যে ক্ষতি করেছে তা কাটিয়ে উঠতে ২০ বছর সময় লাগবে। সরকারের বিভিন্ন কার্যক্রম ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বুধবার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ অভিযোগ করেন। রাজধানীর পল্টনে ফটোজার্নালিস্ট অ্যাসেসিয়েশন মিলনায়তনে অয়োজিত সভায় কাদের সিদ্দিকী বলেন, "দুর্নীতিবিরোধী অভিযানের কথা বলে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু মানুষ এখন বলছে তারা দুর্নীতিবাজদের সময়ই ভালো ছিল। দ্রব্যমূল্যের যাতাকলে মানুষ এখন নিস্পেষিত। উপার্জনের সব পথ বন্ধ। ধস নেমেছে ব্যবসা বাণিজ্যে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের অর্থনীতির যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে ২০ বছর সময় লাগবে।" আগের সরকারগুলোর আমলে জনগণ ফিরে যেতে চায় না বলে তারা বর্তমানের দুর্দশা মেনে নিচ্ছে মন্তব্য করে কাদের সিদ্দিকী বলেন, "তবে শেষ পর্যন্ত মানুষ চুপ করে থাকে না। অতীতে এ রকম নজির পৃথিবীতে আছে। কিন্তু কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না। শুধু ইতিহাস তৈরি করতে চায়।" সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বিডিআর সদস্য নিহত হওয়ার নিন্দা জানিয়ে তিনি বলেন, "বর্তমানের নতজানু সরকার বাঙালির শৌর্যবীর্যকে ধ্বংস করে দিয়েছে।" গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ- ২০০৮ এর বিরোধিতা করে তিনি বলেন, "এই অধ্যাদেশের কোনো প্রয়োজন ছিল না। কিছু অরাজনীতিক লোক রাজনীতিকে ধ্বংস করার চেষ্টা করছে।" এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজার সভাপতিত্ব সভায় আরো বক্তব্য রাখেন ন্যাপের চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব আতিকুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএনডি/এমএইচবি/২২৩৭ ঘ.