ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা ষষ্ঠ দিনের মতো দরপতনের মধ্য দিয়ে রোববার সপ্তাহ শুরু করে পুঁজিবাজার। ব্যাংক, মিউচুয়াল ফান্ড, বীমা ও ওষুধ প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কমায় মূলত এদিন সূচক নিচের দিকে নেমেছে।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩০ দশমিক ৪০ পয়েন্ট বা এক দশমিক ০৫ শতাংশ কমে ২৮৫৮ দশমিক ৯৫ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৮ দশমিক ০৩ পয়েন্ট বা দশমিক ৭২ শতাংশ কমে হয়েছে ২৪৮৩ দশমিক ৪১ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক এক দশমিক ৮৯ পয়েন্ট বা দশমিক ০৭ শতাংশ কমে ২৬০০ দশমিক ২৫ পয়েন্ট হয়।
শেয়ার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা জানান, বিনিয়োগকারীরা শেয়ার কেনার চেয়ে বেশি বিক্রি করায় বাজারে দরপতন হয়েছে।
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান আইডিএলসি সিকিউরিটিজের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির প্রবণতা বেশি থাকায় বেশিরভাগ বড় প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। সে তুলনায় আজ (রোববার) শেয়ার কেনার পরিমাণ অনেক কম ছিল।"
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০৭ কোটি টাকার ২ কোটি ১৩ লাখ ৩৯ হাজার ৯৭১টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত ছিল নয়টির দাম।
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান স্টক অ্যান্ড বন্ডের বিনিয়োগ পরামর্শক বশির আহমেদ বলেন, "এধরনের টানা দর পতন শঙ্কাজনক। বিনিয়োগকারীরা নিজেদের বাজার থেকে সরিয়ে নিচ্ছেন বলে মনে হচ্ছে।
ডিএসই প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ বলেন, "বিনিয়োগকারীরা কিছুটা অস্থির আচরণ করছেন। তবে প্রাতিষ্ঠানিক বিনয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে, যেকোনো সময় বাজার ঘুরে দাঁড়াতে পারে।"
লেনদেনের তালিকার শীর্ষে থাকা বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম ২ দশমিক ৯৭ শতাংশ বেড়ে হয়েছে ১১৭ টাকা ৭০ পয়সা। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম এক দশমিক ৮৮ শতাংশ কমে ৫০৫০ টাকা ৫০ পয়সা হয়। কেয়া কসমেটিকসের শেয়ারের দাম ৬ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ৯০ টাকা ৭০ পয়সায় পৌঁছায়। বেক্সিমকোর শেয়ারের দাম ৯ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ১৩৫ টাকা ৪০ পয়সা হয়। এসিআই এর শেয়ার এক দশমিক ৪১ শতাংশ কমে ৪৭৫ টাকা ২০ পয়সা হয়েছে।
অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে লঙ্কা বাংলা ফিন্যান্স, অ্যাপেক্স আদেলচি ফুটওয়্যার ও উত্তরা ব্যাংকের শেয়ারের দাম কমেছে। লাফার্জ সুরমা সিমেন্ট ও অগ্নি সিস্টেমসের শেয়ারের দাম বেড়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪২ কোটি ১৮ লাখ ১০ হাজার টাকার ৪৯ লাখ এক হাজার ২১৭টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ১০০টির দাম কমেছে এবং একটির দাম অপরিবর্তিত ছিল।
সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৮৬ দশমিক ৩৬ পয়েন্ট বা দশমিক ৯৬ শতাংশ কমে ৮৮৩৫ দশমিক ৭১ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৪৪ দশমিক ৪৬ পয়েন্ট বা দশমিক ৭৭ শতাংশ কমে হয়েছে ৫৬৬৮ দশমিক ১১ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৪৫ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ কমে ৭৯২৮ দশমিক ৯৭ পয়েন্ট হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এমএইচবি/০০৩৭ ঘ.
bdnews24