২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব আদায় বাড়ানোর পুরস্কার পাবেন এনবিআর কর্মকর্তারা

গত অর্থবছরে প্রথমবারের মতো রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় রাজস্ব বোর্ড কর্মকর্তাদের প্রচেষ্টার প্রশংসা করে তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2008, 11:10 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত অর্থবছরে প্রথমবারের মতো রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় রাজস্ব বোর্ড কর্মকর্তাদের প্রচেষ্টার প্রশংসা করে তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ ঘোষণা দেন। অর্থ উপদেষ্টা পরে সাংবাদিকদের বলেন, "বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করেছে রাজস্ব বোর্ড। সংশোধিত বাজেটে আদায়ের লক্ষ্যমাত্রা মূল বাজেটের চেয়ে বাড়ানো হলেও তার চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছেন এনবিআর কর্মকর্তারা। এ জন্য সরকার অবশ্যই তাদের পুরস্কৃত করবে। কীভাবে তাদের পুরস্কৃত করা যায়- সেটি নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে অর্থ সচিব ও রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে।" তিনি বলেন, "সরকারের দুর্নীতিবিরোধী অভিযান রাজস্ব আদায়ের ক্ষেত্রে এক ধরনের অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। অভিযান এখনো শেষ হয়ে যায়নি। এ কারণে গত অর্থবছরের মতো চলতি অর্থবছরেও রাজস্ব আদায় বাড়বে।" রাজস্ব আদায়ে চলতি ২০০৮-০৯ অর্থবছরেও সাফল্য পেতে বৈঠকে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন অর্থ উপদেষ্টা। এনবিআরের হিসাবে গত ২০০৭-০৮ অর্থবছরে ৪৭ হাজার ২০১ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। এটি ২০০৬-০৭ অর্থবছরের চেয়ে ৯ হাজার ৯৮২ কোটি টাকা বা ২৬ দশমিক ৮২ শতাংশ বেশি। গত অর্থবছরের বাজেটে এনবিআর খাতে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৪৩ হাজার ৮৫০ কোটি টাকা। পরে লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৪৫ হাজার ৯৭০ কোটি টাকা করা হয়। অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ রাখায় রাজস্ব আদায় বেড়েছে কি না- এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, "অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়ায় গত অর্থবছরে আটশ কোটি টাকার মতো রাজস্ব এসেছে। তবে এছাড়াও অনেক বেশি রাজস্ব আদায় করেছে এনবিআর। রাজস্ব আদায় বাড়ানোর ক্ষেত্রে এনবিআর কর্মকর্তাদের অবদান বেশি বলে আমি মনে করছি।" দুর্নীতিবিরোধী অভিযান প্রসঙ্গে আজিজুল ইসলাম বলেন, "এ কারণে আয়কর খাতে রাজস্ব আদায় বেড়ে থাকতে পারে। কিন্তু ভ্যাট (মূল্য সংযোজন কর) ও কাস্টমস খাতেও রাজস্ব আদায় বেড়েছে।" এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদের সভাপতিত্বে বৈঠকে সারাদেশের রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/জেকে/১৭০৮ ঘ.