২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস অনুসন্ধান না করে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবলে হবে না: তামিম

জ্বালানি সঙ্কটের অবসানে নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ওপর গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম তামিম বলেছেন, গ্যাস কোথায় আছে, তা খুঁজে বের করতে হবে। অনুসন্ধান না করে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবলে হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2008, 12:17 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি সঙ্কটের অবসানে নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ওপর গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম তামিম বলেছেন, গ্যাস কোথায় আছে, তা খুঁজে বের করতে হবে। অনুসন্ধান না করে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবলে হবে না। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'ভবিষ্যৎ বিদ্যুৎ চাহিদা মোকাবিলা করাই বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ' শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। জ্বালানি চাহিদা মেটাতে কয়লা তোলার ওপরও জোর দিয়েছেন তিনি। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এ বিশেষ সহকারী জানান, দেশে গ্যাসভিত্তিক আর কোনও বিদ্যুৎ কেন্দ্র হবে না। তিনি বলেছেন, "গ্যাসভিত্তিক নতুন আর কোনও বিদ্যুৎ কেন্দ্র হবে না। পরিকল্পনাধীন যে সব বিদ্যুৎ কেন্দ্রে সরকার গ্যাস দেওয়ার বিষয়ে প্রতিশ্র"তিবদ্ধ ছিল, তাদের অনেকের ক্ষেত্রেও গ্যাস সরবরাহের সিদ্ধান্ত বাতিল হতে পারে।" অধ্যাপক তামিম মনে করেন, প্রয়োজনীয় পদক্ষেপ নিলে আগামী ২০ বছরে দেশে জ্বালানি নিরাপত্তায় কোনও ব্যাঘাত ঘটবে না। এ খাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি খাত মিলে যৌথভাবে কাজ করা এবং সমালোচনার পরিবর্তে ঐকমত্যের ওপর জোর দিয়েছেন তিনি। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক তামিম বলেন, "কয়লা, গ্যাসসহ দেশে ২০ বছরের জ্বালানি নিরাপত্তার উপাদান আছে। তবে এই খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে এবং সমালোচনার পরিবর্তে ঐকমত্যের ভিত্তিতে কাজ করতে হবে।" জ্বালানি খাতের উন্নয়নে দেশে দক্ষ জনবলের অভাবের কথা জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, "আমরা শুধু বলছি- গ্যাস আছে, গ্যাস আছে। কিন্তু কোথায় আছে, তা খুঁজে বের করতে হবে। গত ১০ বছরে দেশে শুধু ১/২ ট্রিলিয়ন ঘনফুটের 'বাঙ্গুরা' গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। অনুসন্ধান না করে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবলে হবে না।" ম তামিম বলেন, "উৎপাদন খরচের চেয়েও কম দামে গ্যাস বিক্রি করতে হচ্ছে সরকারকে। গ্যাসের দামের উপযুক্ত মূল্য দেওয়া উচিৎ। আমরা মুনাফা করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি কস্ট প্লাস। এ অর্থ দিয়ে পুনরায় বিনিয়োগের ব্যবস্থা থাকবে।" জ্বালানি চাহিদা মেটাতে কয়লা খনি সচল করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "একসঙ্গে তিনটি কয়লা খনির কাজ শুরু করা যাবে না। তবে যতদ্রুত সম্ভব একটা খনির কাজ শুরু করতে হবে।" জ্বালানি বিষয়ক পাক্ষিক 'এনার্জি অ্যান্ড পাওয়ার' আয়োজিত ওই সেমিনারে মূল প্রবন্ধ পড়ে শোনান সাবেক সচিব কামরুল ইসলাম সিদ্দিকী। এতে বলা হয়, দেশে বর্তমানে বিদ্যুতের দৈনিক গড় উৎপাদন ৫ হাজার ৬০০ মেগাওয়াট। পক্ষান্তরে ২০২০ সালে চাহিদা দাঁড়াবে ১৭ হাজার ৮০০ মেগাওয়াট। সে চাহিদা পূরণ করতে হলে এখন থেকে প্রতিবছর উৎপাদন ১ হাজার মেগাওয়াট করে বাড়াতে হবে। মূল প্রবন্ধে জ্বালানির চাহিদা মেটাতে কয়লার ব্যবহার বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়। এতে জানানো হয়, বর্তমানে দেশে উত্তোলিত গ্যাসের ৫০ শতাংশ ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদনে, সার উৎপাদনে ব্যবহৃত হয় ১৮ শতাংশ, এর বাইরে শিল্প কারখানায় ২০ শতাংশ ও গৃহস্থালিতে ১২ শতাংশ গ্যাস সরবরাহ হয়। সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান গুলাম রহমান, পেট্রোবাংলার পরিচালক (খনি ও খনিজ) মকবুল এলাহী, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমান চৌধুরী এবং এনার্জি অ্যান্ড পাওয়ার সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৮১৩ ঘ.