২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতি পরিস্থিতিকে উদ্বেগজনক মনে করছেন অর্থ উপদেষ্টা

মূল্যস্ফীতি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে বলে স্বীকার করেছেন অর্থ উপদেষ্টা। রোববার এক অনুষ্ঠানে উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, মূল্যস্ফীতির হার দুই অঙ্ক থেকে বর্তমানে এক অঙ্কে নেমে এলেও পরিস্থিতি এখনো উদ্বেগের কারণ হয়ে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2008, 03:18 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মূল্যস্ফীতি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে বলে স্বীকার করেছেন অর্থ উপদেষ্টা। রোববার এক অনুষ্ঠানে উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, মূল্যস্ফীতির হার দুই অঙ্ক থেকে বর্তমানে এক অঙ্কে নেমে এলেও পরিস্থিতি এখনো উদ্বেগের কারণ হয়ে রয়েছে। রাজধানীর হোটেল শেরাটনে ফরেন ইনভেস্টর'স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই) আয়োজিত মধ্যাহ্ন ভোজসভায় অর্থ উপদেষ্টা বলেন, "স্বীকার করছি আমাদের মূল্যস্ফীতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। কিছুদিন আগে এ হার দুই অঙ্ক অতিক্রম করেছিল। বর্তমানে তা এক অঙ্কে নেমে এলেও পরিস্থিতি এখনো উদ্বেগজনক। মাসভিত্তিক হিসাবের (পয়েন্ট-টু-পয়েন্ট) ভিত্তিতে মে মাসে দেশে মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৪৪ শতাংশ।" প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "মূল্যস্ফীতির উত্তাপ কমাতে আমরা (সরকার) সব ধরনের চেষ্টা চালিয়েছি। পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গেলে পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অন্যান্য দেশের মূল্যস্ফীতির বিষয়টিও আমাদের বিবেচনায় রাখতে হবে। আমাদের মূল্যস্ফীতি এখন ১০ শতাংশের নিচে। আর ভারতের ১১ দশমিক ৯ শতাংশ। শ্রীলংকার মূল্যস্ফীতি ২০ শতাংশের বেশি।" মূল্যস্ফীতি ছাড়া অর্থনীতির অন্য সব সূচক বেশ ভালো উল্লেখ করে আজিজুল ইসলাম বলেন, "আমাদের অর্থনীতি ভালো একটা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে।বিদায়ী অর্থ বছরে রাজস্ব আদায় পরিস্থিতি সন্তোষজনক। প্রথমবারের মতো লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে রাজস্ব বোর্ড। রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেশ সন্তোষজনক অবস্থায় রয়েছে। বেসরকারি খাতে ঋণ প্রবাহ বেড়েছে ২৩ শতাংশের বেশি।" কেবল ঢাকায় বসবাসকারীরাই অর্থনীতিতে কালো মেঘ দেখতে পান- অভিযোগ করে তিনি বলেন, "দেশের সার্বিক বাস্তবতা নিরপেক্ষ দৃষ্টিতে বিবেচনা করা হলে ঢাকার লোকজনও অর্থনীতির আলোর রেখা দেখতে পাবেন।" সংবাদ মাধ্যমগুলোর সমালোচনা করে অর্থ উপদেষ্টা বলেন, "মিডিয়ায় দেশের অর্থনীতি নিয়ে শুধু নেতিবাচক খবর প্রকাশিত হয়। এসব প্রতিবেদনের সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। আমরা নিয়মিত বিদেশি ঋণের সুদ পরিশোধ করছি। বাংলাদেশ এক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করেছে। এ বিষয়টিকে মিডিয়া ও সমালোচকদের ইতিবাচক দৃষ্টিতে থেকে দেখা উচিৎ।" অনুষ্ঠানে এফআইসিসিআই প্রেসিডেন্ট ওয়ালিউর রহমান ভূঁইয়া বলেন, "সরকার ও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার পরও ব্যাংক ঋণে সুদের হার কমেনি। ব্যাংকগুলোতে তারল্য সঙ্কট রয়েছে। আর মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সরকারকে নজরদারি আরো জোরদার করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/এসএনডি/২১১০ ঘ.