২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আইএমএফ এর কথা মেনে মুদ্রানীতি হবে না'

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কথামতো কোনো মুদ্রানীতি করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দেশের সার্বিক ভালোর বিষয়টি বিবেচনায় রেখে নিজেদের মতো করে মুদ্রানীতি করা হবে। সফররত আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে রোববার বিকেলে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন গভর্নর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2008, 01:57 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কথামতো কোনো মুদ্রানীতি করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দেশের সার্বিক ভালোর বিষয়টি বিবেচনায় রেখে নিজেদের মতো করে মুদ্রানীতি করা হবে। সফররত আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে রোববার বিকেলে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন গভর্নর। মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে পাঁচ সদস্যের আইএমএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থার এশিয়া-প্যাসিফিক বিভাগের পরামর্শক থমাস রামবাহ। সালেহউদ্দিন আহমেদ বলেন, "মূল্যস্ফীতি এখন বিশ্বব্যাপী বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। বৈঠকে আইএমএফ প্রতিনিধিদল বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অবস্থা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে তারা। আমরা বলেছি, মূল্যস্ফীতির চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা আমাদের মতো করে মুদ্রানীতি প্রণয়ন করতে যাচ্ছি।" আইএমএফ সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণের পরামর্শ দিয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে গভর্নর বলেন, "মুদ্রানীতির ব্যাপারে তারা কোনো পরামর্শ দেয়নি। আর পরামর্শ দিলেও কোনো লাভ হবে না। আমরা আমাদের মতো করে মুদ্রানীতি প্রণয়ন করব। আইএমএফ বললেও তাদের কথামতো মুদ্রানীতি করা হবে না।" মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জিডিপি প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়ানো এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্য সামনে রেখে কয়েকদিনের মধ্যে জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতি প্রণয়ন করা হবে জানান গভর্নর। গত জুনে জানুয়ারি-জুন মেয়াদের মুদ্রানীতির মেয়াদ শেষ হয়। গত বৃহস্পতিবার আইএমএফ প্রতিনিধিরা অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে বৈঠকে সঙ্কোচনমূলক মুদ্রানীতি অনুসরণের পরামর্শ দিয়েছিল। অর্থ উপদেষ্টা এর জবাবে বলেন, উৎপাদন কর্মকাণ্ড ব্যাহত হয় এমন কোনো মুদ্রানীতি এখন গ্রহণ করবে না সরকার। এ বিষয়ে মির্জ্জা আজিজ সাংবাদিকদের বলেন, "মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আইএমএফ সঙ্কোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করতে বলেছে। আমি দ্বিমত করে বলেছি, অভ্যন্তরীণভাবে কোনো ব্যবস্থা বা পদক্ষেপ নিয়ে এখন আর কোনো দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। দেশের মূল্যস্ফীতি এখন নির্ভর করে আন্তর্জাতিক বাজার পরিস্থিতির উপর। বিশ্ববাজারে জ্বালানি তেল, খাদ্যপণ্য ও সারের দাম বাড়লে আমাদের মতো দেশে মূল্যস্ফীতি কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাবে না।" গত বছরের শেষের দিকে আইএমএফ এর পরামর্শে সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এফবিসিসিআইসহ দেশের সব ব্যবসায়ী সংগঠন ও অর্থনীতিবিদরা ওই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়। শেষ পর্যন্ত ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি থেকে সরে আসে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত মে মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হার ছিল ৭ দশমিক ৪৪ শতাংশ। নতুন বাজেটে গড় মূল্যস্ফীতির হার ধরা হয়েছে ৯ শতাংশ। তথ্য অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে গত বছরের ডিসেম্বরে মূল্যস্ফীতি দুই অঙ্ক অতিক্রম করে ১১ দশমিক ৫৯ শতাংশে পৌঁছায়। এ বছরের ফেব্র"য়ারি ও মার্চ মাসে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ১৬ ও ১০ দশমিক ০৬ শতাংশ। এপ্রিল মাসে এ হার দুই অঙ্ক থেকে কমে ৭ দশমিক ৬৬ শতাংশে নেমে আসে। মে মাসে তা আরও কমে ৭ দশমিক ৪৪ শতাংশে নেমে আসে। রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে আইএমএফ প্রতিনিধিদলের কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএইচবি/১৯৫২ ঘ.