২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবাজদের কাছ থেকে আদায় করা টাকায় ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি

মধ্য অক্টোবর থেকে ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচির প্রথম পর্ব শুরু করার জন্য একটি খসড়া নীতিমালা তৈরি করেছে খাদ্য মন্ত্রণালয়। অর্থ সচিব মোহাম্মদ তারেক বলেছেন, দুর্নীতি দমন অভিযানে আদায় করা অর্থ দিয়ে এ কর্মসূচির আংশিক খরচ মেটানো হবে। বিস্তারিত জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2008, 03:09 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধ্য অক্টোবর থেকে ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচির প্রথম পর্ব শুরু করার জন্য একটি খসড়া নীতিমালা তৈরি করেছে খাদ্য মন্ত্রণালয়। অর্থ সচিব মোহাম্মদ তারেক জানিয়েছেন, দুর্নীতি দমন অভিযানে আদায় করা অর্থ দিয়ে দুই হাজার কোটি টাকার এ কর্মসূচির আংশিক খরচ মেটানো হবে। সরকার এ কর্মসূচির আওতায় ২০০৮-০৯ অর্থ বছরে ২২ লাখ দরিদ্র মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে। দেশের দরিদ্র অঞ্চলগুলোকে প্রাধান্য দিয়ে পরিচালিত এ কর্মসূচিতে প্রত্যেক শ্রমিককে প্রতিদিনের মজুরি হিসেবে দেয়া হবে ১০০ টাকা। কাজ দিতে না পারলেও পরিবারের ব্যয় নির্বাহের জন্য তাদের নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হবে। অর্থ সচিব মোহাম্মদ তারেক বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্নীতিবাজদের কাছ থেকে আদায় করা টাকা সরকারের কোষাগারে জমা আছে। অন্যদিকে বিদেশে পাচার হওয়া যে টাকা দেশে ফেরত এসেছে তাও কোষাগারে জমা আছে।" এ টাকা দিয়ে ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচির আংশিক ব্যয় মেটানো হবে জানিয়ে তিনি বলেন, "এ টাকা এখন সরকারের। সরকার চাইলে যে কোনো কাজে তা ব্যয় করতে পারে। এতে দোষের কিছু নেই।" গত ১০ জুন এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, সরকারের দুর্নীতিবিরোধী অভিযানে উদ্ধার করা এক হাজার ২৪৬ কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা রয়েছে। অর্থ সচিব জানান, খাদ্য মন্ত্রণালয় ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচির ব্যাপারে একটি খসড়া নীতিমালা তৈরি করেছে। বৃহস্পতিবার অর্থ উপদেষ্টা এ বি মর্জ্জিা আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠেয় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে খসড়াটি উত্থাপন করা হবে। খসড়ায় আগামী ১৫ অক্টোবর থেকে এ কর্মসূচির প্রথম পর্বের কাজ শুরুর প্রস্তাব করা হয়েছে। এ পর্বের কাজ চলবে মধ্য জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব আগামী বছরের মার্চে শুরু হয়ে মে পর্যন্ত চলবে। দেশের নদীভাঙন ও মঙ্গা কবলিত অঞ্চল এবং হাওর-বাঁওড়-চর এলাকায় এ কর্মসূচিকে অগ্রাধিকার দেয়া হবে। এর মধ্যে দেশের বন্যাপ্রবণ ও ভাঙনকবলিত ৩৯টি জেলার ২৫৬টি উপজেলা ও ৯৯৪টি ইউনিয়ন রয়েছে। মঙ্গাকবলিত রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলাও এ কর্মসূচির আওতায় রয়েছে। সব মিলিয়ে ৪৪ জেলার ৩০০ উপজেলার প্রায় ২ হাজার ২০০ ইউনিয়নে এ কর্মসূচি চালু হবে। খসড়ায় বলা হয়েছে, প্রকল্পটি বাস্তবায়ন করবে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। তদারকির দায়িত্বে থাকবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে গঠিত স্টিয়ারিং কমিটি। নীতিমালা অনুযায়ী, কর্মসূচিতে অংশ নেয়ার জন্য আবেদন চাওয়া হবে। মনোনীতদের রাস্তাঘাট মেরামত ও খাল খননমহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক কাজে লাগানো হবে। যোগ্য বিবেচিত হওয়ার পর ১৫ দিনের মধ্যে সরকার কাজ দিতে না পারলে আবেদনকারীকে প্রতিদিনের জন্য বেকার ভাতা দেয়া হবে। বেকার ভাতা হিসেবে প্রত্যেককে প্রথম ৩০ দিন পারিশ্রমিকের (১০০ টাকা) এক-তৃতীয়াংশ এবং অবশিষ্ট সময়ের জন্য অর্ধেক বা ৫০ টাকা করে দেওয়া হবে। আবেদনকারী যে কাজের জন্য নিবন্ধিত হবেন তা করার জন্য উপস্থিত না হয়ে ভাতা চাইলে তাকে বেকার ভাতা দেয়া হবে না। একই পরিবারের একাধিক ব্যক্তি এ কর্মসূচিতে অংশ নিতে পারবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএ/২১০৫ ঘ.