ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থায় পৌঁছেছে। সোমবার সর্বশেষ হিসাবে রিজার্ভের পরিমাণ হয়েছে ৬১১ কোটি ৬২ লাখ ডলার। এর আগে গত মে মাসের শেষের দিকে রিজার্ভ বেড়ে সর্বোচ্চ ৬১০ কোটি ডলার হয়েছিল।
রিজার্ভ শক্তিশালী অবস্থানে পৌঁছানোর কারণ হিসেবে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং রপ্তানি আয় বৃদ্ধি পাওয়াকেই চিহ্নিত করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ।
গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার রিজার্ভের পরিমাণ ছিল ৫৯৬ কোটি ১২ লাখ ডলার। রোববার তা বেড়ে হয় ৬০২ কোটি ৯৬ লাখ ডলার। সোমবার তা দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের (বিআইএসএস) ৭৮তম বার্ষিক সভায় যোগ দিতে সুইজারল্যান্ড যাওয়ার আগে শনিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি আগেই বলেছিলাম ২০০৭-০৮ অর্থবছরে রেমিটেন্সের মোট পরিমাণ আট বিলিয়ন (আটশ কোটি) ডলারে গিয়ে ঠেকবে। এখন মনে হচ্ছে প্রত্যাশা পূরণ হতে চলেছে। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভও সন্তোষজনক অবস্থানে পৌঁছেছে।"
অর্থবছরের শেষের দিকে রপ্তানি আয়ের ইতিবাচক ধারাও রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে বলে জানান গভর্নর।
গত মে মাসের শেষের দিকে রিজার্ভ বেড়ে ৬১০ কোটি ডলার হয়। চলতি মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ৮০ কোটি ডলারের বেশি আমদানি বিল পরিশোধের পর তা ৫৩৫ কোটি ডলারে নেমে আসে।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের তথ্য অনুয়ায়ী, ২০০৭-০৮ অর্থবছরে শেষ মাস জুনে (২৬ জুন পর্যন্ত) ৭০ কোটি ডলারের বেশি রেমিটেন্স দেশে এসেছে। আর বাকি ১১ মাসে (জুলাই-মে) প্রবাসী বাংলাদেশীরা সব মিলিয়ে ৭১৮ কোটি ১৯ লাখ ডলার দেশে পাঠিয়েছে। এ পরিমাণ আগের ২০০৬-০৭ অর্থবছরের একই সময়ের চেয়ে ১৭১ কোটি ৯৮ লাখ ডলার বেশি।
সালেহউদ্দিন আহমেদ জানান, কেন্দ্রীয় ব্যাংকের এখনকার রিজার্ভ দিয়ে চার মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব।
বোরোর বাম্পার ফলনের ফলে স
bdnews24