২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করমুক্ত আয়ের সীমা বাড়ছে

ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা দেড় লাখ টাকা থেকে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আবদুর রহিম হারমাছিকে তিনি বলেছেন, এ সীমা কতোটা বাড়বে তা রোববার উপদেষ্টা পরিষদের সভায় চূড়ান্ত করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2008, 04:36 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা দেড় লাখ টাকা থেকে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। তবে এ সীমা কতোটা বাড়বে তা রোববার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। আবদুল মজিদ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রস্তাবিত বাজেটের ওপর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছ থেকে মতামত চাওয়া হয়েছিল। মতামত দাতাদের অধিকাংশই করমুক্ত আয়ের সীমা বাড়ানোর অনুরোধ করেছিলেন। এ বিষয়টি বিবেচনা করেই সরকার শেষ মুহূর্তে এ সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে তা কী পরিমাণ বাড়বে তা উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।" এ সীমা দেড় লাখ টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬৫ হাজার টাকা করা হতে পারে এমন গুঞ্জন সম্পর্কে প্রশ্ন করা হলে এনবিআর চেয়ারম্যান বলেন, "বাড়ানো হবে। তবে এক লাখ ৬৫ হাজার টাকা করা হবে, না কি তার চেয়েও বেশি করা হবে- তা উপদেষ্টা পরিষদের বৈঠকেই চূড়ান্ত হবে।" বিদায়ী ২০০৭-০৮ অর্থ বছরে ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা ছিল দেড় লাখ টাকা। ২০০৮-০৯ অর্থ বছরের বাজেটেও এ সীমা একই রাখার প্রস্তাব করেছিলেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। গত ২০০৬-০৭ অর্থ বছরে এ সীমা ছিল এক লাখ ২০ হাজার টাকা। এনবিআরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এনবিআরের পক্ষ থেকে ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা এক লাখ ৬৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। আর নারী ও ৭০ বছরের বেশি বয়সের করদাতাদের ক্ষেত্রে এ সীমা এক লাখ ৮০ হাজার টাকা করতে বলা হয়েছে। প্রস্তাবিত বাজেটে নারী ও ৭০ বছরের বেশি বয়সের করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা এক লাখ ৬৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছিল। এদিকে বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে করপোরেট ট্যাক্স ৪৫ শতাংশ থেকে কমিয়ে ৪২ দশমিক ৫ শতাংশ করা হতে পারে বলে ওই কর্মকর্তা জানান। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর প্রতিনিধিরা বুধবার অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করে করপোরেট ট্যাক্স কমানোর দাবি জানালে অর্থ উপদেষ্টা তা বিবেচনার আশ্বাস দেন। এছাড়া মঙ্গলবার ডাচ-বাংলা ব্যাংকের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য অনুদান (করপোরেট স্যোশাল রেসপনসিবিলিটি-সিএসআর) করমুক্ত রাখার বিষয়টিও সরকার বিবেচনা করছে। নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটটি প্রয়োজনীয় সংশোধনীসহ রোববার উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন করা হবে। উপদেষ্টা পরিষদের অনুমোদন পেলে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ তা জারি করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএ/২২২৫ ঘ.