ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের তৈরি পোশাক বেশি দামে কিনতে আন্তর্জাতিক ক্রেতাদের অনুরোধ করেছেন স্থানীয় রপ্তানিকারকরা। অন্যদিকে শ্রমিক সংগঠনগুলো তৈরি পোশাক কারখানায় ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে সরকারের কাছে দাবি জানিয়েছে।
রাজধানীর গুলশানের একটি হোটেলে এমএফএ ফোরামের (মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্ট ফোরাম) দু'দিনব্যাপী সম্মেলনের প্রথম অধিবেশনে বেশি দামে পোশাক কেনার অনুরোধ করেন এমএফবি (মাল্ট্রি ফাইবার বাংলাদেশ) স্টিয়ারিং কমিটির সদস্যরা। এমএফএ ফোরামের প্রতিনিধি ও বায়ারদের কাছে এ অনুরোধ করা হয়।
শনিবার থেকে শুরু হওয়া দু'দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শ্রমিক নেতারা কারখানায় ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।
দুই অধিবেশন শেষে দুপুরে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ও এমএফবি'র স্টিয়ারিং কমিটির কো-চেয়ারম্যান ফজলুল হক এ তথ্য দেন।
২০০৪ সালের পর কোটা ব্যবস্থা উঠে গেলে সম্ভাব্য ক্ষতির মুখে পড়া দেশগুলোকে সহায়তার জন্য বিভিন্ন দাতা দেশ, সংস্থা ও বায়ারদের সমন্বয়ে গঠন করা হয় এমএফএ।
ফজলুল হক বলেন, "আন্তর্জাতিক বাজারে আমাদের তৈরি পোশাকের দাম আশঙ্কাজনকভাবে কমে গেছে। অন্যদিকে তৈরি পোশাক তৈরির জন্য প্রয়োজনীয় সুতাসহ অন্যান্য কাঁচামালের দাম ১৫ শতাংশের বেশি বেড়েছে। এক থেকে দেড় বছর আগে যে টি-শার্ট ১০ ডলারে বিক্রি হতো, এখন তা আট থেকে সাড়ে আট ডলারে বিক্রি করতে হচ্ছে।"
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুসারে প্রায় শেষ হতে যাওয়া চলতি অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) পরিমাণগত দিক দিয়ে পোশাক রপ্তানি বাড়লেও গড় মূল্যসূচক ১ দশমিক ৫ শতাংশ কমেছে বলে জানান বিকেএমইএ সভাপতি।
তিনি বলেন, "বিজিএমইএ ও বিকেএমই-এর হিসাবে গত এক থেকে দেড় বছরে তৈরি পোশাকের দাম ১৫ থেকে ১৬ শতাংশ কমেছে। এ পরিস্থিতিতে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমরা বায়ারদেরকে বেশি দামে রপ্তানি পণ্য কেনার অনুরোধ করেছি।"
তবে বায়াররা তাৎক্ষণিকভাবে কোনো আশ্বাস দেননি জানিয়ে ফজলুল হক বলেন, "পরের অধিবেশনগুলোতে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে এবং সম্মেলন শেষে ঢাকা ঘোষণায় বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান পাবে।"
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত এমএফএ ফোরামের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ থেকে পোশাক আমদানিকারক প্রতিষ্ঠান টেসকো'র প্রতিনিধি পল ডেয়ারম্যান বলেন, "বায়ারদের সঙ্গে বাংলাদেশের রপ্তানিকারকদের দরকষাকষির ক্ষমতা বাড়াতে হবে। এর বাইরে এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। বাংলাদেশের রপ্তানিকারকরা তাদের পণ্যের বেশি দামের যে প্রস্তাব করেছেন তা আমি সম্মেলন থেকে ফিরে গিয়ে সংশ্লিষ্ট ফোরামে উত্থাপন করব।"
ফজলুল হক অভিযোগ করেন, "কমপ্লায়েন্স, শ্রমিক ইস্যু, পণ্যের মানসহ বিভিন্ন বিষয়ে বায়ররা আমাদের প্রতিনিয়ত 'আসামির কাঠগড়ায়' দাঁড় করান। তাদের কথামতো কারখানার মান উন্নয়ন, শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোসহ অন্যান্য খাতে অতিরিক্ত খরচ করতে হয়। কিন্তু পণ্যের দামের ব্যাপারে বিন্দুমাত্র নমনীয় হন না তারা। এ বিষয়গুলো আমরা তাদের জানিয়েছি।"
শনিবার সকালের দ্বিতীয় অধিবেশনে কর্মজীবী নারী, ফেডারেশন অফ গার্মেন্টস ওয়ার্কাসসহ গার্মেন্টস শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানান ফজলুল হক।
তিনি বলেন, "শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা পোশাক কারখানায় শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে ট্রেড ইউনিয়নের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।"
প্রেস ব্রিফিংয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোস্তফা মহিউদ্দিন, এমএফবি-এর আরেক কো-চেয়ারম্যান এবং বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক ফয়সল সামাদও উপস্থিত ছিলেন।
এবার ঢাকায় এমএফএ'র দু'দিনের সম্মেলনে ওয়ালমার্ট, টেসকো, লিভি স্ট্রায়াস, কান লুকাস ল্যানকাসটারসহ বিশ্বখ্যাত পোশাক আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
রোববার সম্মেলন শেষ হওয়ার পরদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকা ঘোষণা দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/১৮৫৬ ঘ.
bdnews24