২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর না বাড়িয়ে সিলেট সিটির ৩২৫ কোটি টাকার বাজেট প্রস্তাব

কর না বাড়িয়ে এবং নতুন কোনও কর আরোপ না করে সিলেট সিটি কর্পোরেশনের ২০০৮-০৯ অর্থবছরের জন্য ৩২৫ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2008, 12:40 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

সিলেট, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর না বাড়িয়ে এবং নতুন কোনও কর আরোপ না করে সিলেট সিটি কর্পোরেশনের ২০০৮-০৯ অর্থবছরের জন্য ৩২৫ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। ভারপ্রাপ্ত মেয়র মো. আযম খান বুধবার নগরভবনে এক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত এ বাজেট উপস্থাপন করেন। মেয়র বদরউদ্দিন আহমেদ কামরান কারাগারে থাকায় টানা দ্বিতীয়বারের মতো বাজেট উপস্থাপন করলেন আযম খান। এটি সিলেট সিটি কর্পোরেশনের ষষ্ঠ বাজেট। আয় ও ব্যয়ের অঙ্ক এক ধরে নতুন অর্থবছরের এ বাজেট প্রস্তাব করেছেন ভারপ্রাপ্ত মেয়র। আযম খান জানিয়েছেন, নাগরিকদের সেবাদান প্রক্রিয়া জানাতে শিগগিরই সিটি কর্পোরেশনে সিটিজেনস চার্টারস এবং কম্পিউটারাইজড বিলিং পদ্ধতি চালু করা হবে। তথ্য পাওয়া সহজ করতে কর্পোরেশন একটি ওয়েবসাইটও খুলবে। এছাড়া পথচারী পারাপারে নির্মাণ করা হবে ওভারব্রিজ। নগরবাসী নিয়মিত কর দিলে এবং বকেয়া পরিশোধ করলে আগামী অর্থবছরে কর্পোরেশনের নিজস্ব আয় ৫৪ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা হবে বলে মেয়র আশা প্রকাশ করেছেন। বাকিটা আসবে বিভিন্ন খাতে সরকারের অনুদান থেকে। প্রস্তাবিত বাজেটে নিজস্ব আয়ের যে খাত দেখানো হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো- হোল্ডিং ট্যাক্স ৩১ কোটি ৭২ লাখ টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের ওপর কর ৪ কোটি ৫০ লাখ টাকা, ইমারত নির্মাণ ও পুনঃনির্মাণের ওপর কর ২ কোটি ৫০ লাখ টাকা, পেশা ও ব্যবসার ওপর কর ৪ কোটি টাকা, বিভিন্ন মার্কেটের দোকান গ্রহীতার নাম পরিবর্তন ফি ও নবায়ন ফি ১ কোটি টাকা, বাস টার্মিনাল ইজারা বাবদ আয় ৬০ লাখ টাকা, ফেরিঘাট ইজারা বাবদ আয় ২৫ লাখ টাকা, কর্পোরেশনের সম্পত্তি ভাড়া দিয়ে আয় ৫০ লাখ টাকা। সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ৫০ কোটি টাকা, রাজস্ব খাতে উন্নয়ন ব্যয় ৩০ কোটি ৯৪ লাখ টাকা। এছাড়া কর্পোরেশনের অবকাঠামো, পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন, গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন কাজে ৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেট বক্তৃতায় ভারপ্রাপ্ত মেয়র জানান, নগরীর পীর হাবিবুর রহমান পাঠাগার উন্নয়নে বাজেটে ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত অর্থবছর সিলেট নগরীর ৯টি ওয়ার্ডে পাঠাগার স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ১৮টি ওয়ার্ডেও পাঠাগার স্থাপন করা হবে। তিনি জানান, যানজট নিরসনে সিলেটে একটি ট্রাক টার্মিনাল নির্মাণের কাজ চলছে। টার্মিনালের মাটি ভরাট এবং সীমানা দেয়াল নির্মাণের জন্য শিগগির দরপত্র আহ্বান করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৮ ঘ.