ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তিপ্রদানসহ মহৎ উদ্দেশ্যে সব ধরনের সামাজিক কর্মকাণ্ডে অনুদানকে করমুক্ত রাখার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে রাজধানীর পুর্বানী হোটেলে বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের স্নাতক পর্যায়ে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তবে সরকারিভাবে কোনো সুবিধা দেওয়া হলে কিছু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান সে সুবিধার যথাযথ ব্যবহার করে না- অভিযোগ করে তিনি আরো বলেন, "এ কারণেই সামাজিক কর্মকাণ্ডে অনুদানকে ঢালাও ভাবে করমুক্ত রাখতে গিয়ে সরকারকে অনেক কিছু বিবেচনা করতে হয়।"
অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল জানান, গত বছর স্বীকৃত কিছু প্রতিষ্ঠানের দানকে পাঁচ লাখ টাকা পর্যন্ত করমুক্ত করা হয়েছে। আগে এর আওতা ছিল আড়াই লাখ টাকা পর্যন্ত। মহৎ উদ্দেশ্যে সব ধরনের সামাজিক কর্মকাণ্ডে দানকে করমুক্ত রাখার বিষয়টি সরকার পর্যালোচনা করছে।
প্রস্তাবিত বাজেটে এ ব্যাপারে কোনো দিক-নির্দেশনা না রাখার প্রসঙ্গে তিনি বলেন, "বাজেটের বাইরেও এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ রয়েছে।"
অর্থ উপদেষ্টা আরো জানান, নতুন বাজেটে (২০০৮-০৯) সামাজিক নিরাপত্তা খাতে ৮ হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রায় সমাপ্ত অর্থ বছরের (২০০৭-০৮) মূল বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৪ হাজার ২০৭ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৮ হাজার ৪৩৮ কোটি টাকা করা হয়।
এ ছাড়া প্রথমবারের মতো দেশে গরীব মানুষদের ১০০ দিনের কর্মসংস্থানের জন্য সরকার 'এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিম' নামের একটি প্রকল্প গ্রহণ করেছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইয়াছিন আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএইচএম নাজমুল কাদির ও ডাচ-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের সমন্বয়কারী মোয়াজ্জেম হোসেন খান বক্তব্য রাখেন।
ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইয়াছিন আলী বলেন, "দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তিসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের দানকে করমুক্ত করা হলে আরো অনেক ব্যাংকও আর্থিক প্রতিষ্ঠান এ ধরনের মহৎ কাজে এগিয়ে আসবে।"
তিনি বলেন, "একজন ছাত্রকে ১০০ টাকা বৃত্তি দিতে হলে করপোরেট ট্যাক্স ৪৫ শতাংশ হওয়ার কারণে সবমিলিয়ে ব্যাংক থেকে ওই ছাত্রকে ১৪৫ টাকা দিতে হয়। এেেত্র করপোরেট ট্যাক্স অব্যাহতি দেওয়া হলে আরও বেশি সংখ্যক ছাত্র-ছাত্রীকে বৃত্তির ব্যবস্থা করা যাবে।"
অনুষ্ঠানে ২০০৭ সালে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ স্নাতক পর্যায়ে অধ্যায়নরত মোট ১০১ জন মেধাবী ও দরিদ্র শিার্থীকে বৃত্তি প্রদান সংক্রান্ত সনদ দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্তরা স্নাতক পাশের আগ পর্যন্ত প্রতি মাসে দুই হাজার টাকা করে পাবে। এছাড়া বইসহ পড়ালেখার অন্যান্য সরঞ্জাম কেনার জন্য প্রতি বছর পাবে পাঁচ হাজার টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এমএ/১৭১৫ ঘ.
bdnews24