২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে লেনদেন ও সূচক আরো কমেছে

বাজার পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে সোমবারও দেশের দুই পুঁজিবাজারে লেনদেন ও সূচক কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের মোট লেনদেন কমে ১৬৯ কোটি টাকায় এসে ঠেকেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2008, 04:33 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজার পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে সোমবারও দেশের দুই পুঁজিবাজারে লেনদেন ও সূচক কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের মোট লেনদেন কমে ১৬৯ কোটি টাকায় এসে ঠেকেছে। মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান লতিফ সিকিউরিটিজের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এদিন বাজারে লেনদেন হয়েছে খুব কম। অল্প পুঁজির বিনিয়োগকারীরা হয় হাতে থাকা শেয়ার বিক্রি করে দিয়েছেন নয়তো লেনদেনে বিরত ছিলেন। তবে দাম কমার সুযোগে বড় পুঁজির বিনিয়োগকারীরা শেয়ার কিনেছেন।" তবে ডিএসই'র প্রধান নির্বাহী সালেহউদ্দিন আহমেদ মনে করেন, বিনিয়োগকারীরা সচেতন হয়ে উঠেছেন বলেই লেনদেন কমেছে। দিনশেষে ডিএসই'র ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২০ দশমিক ৬৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ কমে ২৯৬৪ দশমিক ৩৫ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৬ দশমিক ২০ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৩ শতাংশ কমে হয়েছে ২৫১৯ দশমিক ২৩ পয়েন্ট। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ২৩ দশমিক ৪৪ পয়েন্ট বা দশমিক ৯৩ শতাংশ কমে ২৪৯০ দশমিক ৪৫ পয়েন্ট হয়েছে। সোমবার এ বাজারে ১৬৯ কোটি ৩৫ লাখ ১৯ হাজার টাকার ৯৮ লাখ ৮৩ হাজার ৮১৪টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫২টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত ছিল ১১টির দাম। তালিকার শীর্ষে থাকা স্কয়ার ফার্মার শেয়ারের দাম এক দশমিক ১৬ শতাংশ কমে ৫০৮০ টাকা ৫০ পয়সা হয়েছে। বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম এক দশমিক ৯৭ শতাংশ কমে হয়েছে ৯৪ টাকা ৩০ পয়সা। তবে শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ারের দাম তিন দশমিক ০১ শতাংশ বেড়ে হয়েছে ৩৪৯ টাকা ৭৫ পয়সা। এ ছাড়া এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম দশমিক ০৫ শতাংশ কমে ১৯ টাকা ৫৪ পয়সা হয়েছে। লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ারের দাম ১ দশমিক ৩৪ শতাংশ কমে হয়েছে ৫৩১ টাকা ২৫ পয়সা। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে লঙ্কাবাংলা ফিন্যান্স, এবি ব্যাংক, বেক্সিমকো ও ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের শেয়ারের দাম কমেছে। বেড়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব সূচক নিম্নমুখী ছিল। এ বাজারে সিএসসিএক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৪৪ দশমিক ৬৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৬ শতাংশ কমে হয়েছে ৫৭৭০ দশমিক ৭৫ পয়েন্ট। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৬৩ দশমিক ২০ পয়েন্ট বা শূন্য দশমিক ৭০ শতাংশ কমে হয়েছে ৮৯৩৪ দশমিক ৫৮ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৫৫ দশমিক ১২ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ কমে ৭৮৬৯ দশমিক ৭৭ পয়েন্ট হয়েছে। সিএসইতে এদিন ২৪ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকার ২১ লাখ ১০ হাজার ৮১৩টি শেয়ার লেনদেন হয়েছে। এ বাজারে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ১০৭টির দাম কমেছে এবং পাঁচটির দাম অপরিবর্তিত ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/জেকে/২২০৬ ঘ.