২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার দেশের দুই পুুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে। মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান লতিফ সিকিউরিটিজের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিনিয়োগকারীরা এদিন শেয়ার বিক্রির আবেদন করেছেন বেশি। তাদের মধ্যে শেয়ার কেনার প্রবণতা কম ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2008, 04:18 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার দেশের দুই পুুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে। মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান লতিফ সিকিউরিটিজের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিনিয়োগকারীরা এদিন শেয়ার বিক্রির আবেদন করেছেন বেশি। তাদের মধ্যে শেয়ার কেনার প্রবণতা কম ছিল। বাজার পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করেছেন এবং একই কারণে সার্বিক লেনদেন কমেছে বলে জানান তিনি। শেয়ারের মূল্য সমন্বয়ের পরিপ্রেক্ষিতে বাজারের জন্য দিনটিকে ইতিবাচক হিসেবে দেখলেও বাজারের স্থিতিশীলতার ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন বাজার বিশ্লেষকরা। মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান এইমস বাংলাদেশের প্রধান নির্বাহী ও বাজার বিশ্লেষক ইয়াওয়ের সাইদ বলেন, "শেয়ারের দামের সমন্বয়ের বিষয়টিতে আমরা অখুশি নই। তবে কর্তৃপক্ষের হস্তক্ষেপের ভীতি থেকে এমনটি হয়েছে।" দাম সমন্বয়ের বিষয়টি যেহেতু স্বাভাবিক প্রক্রিয়ায় হয়নি তাই এর স্থায়ীত্ব নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালেহউদ্দিন আহমেদ বলেন, বিনিয়োগকারীরা কর্তৃপক্ষের তদন্তের ব্যাপারে সতর্ক অবস্থান নেওয়ায় শেয়ারের দামের সমন্বয় হয়েছে। দাম সমন্বয়ের পরও কিছু শেয়ারের দাম এখনও অস্বাভাবিক রকমের বেশি বলে মন্তব্য করেন তিনি। ডিএসইতে দিন শেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২৬ দশমিক ৮২ বা দশমিক ৮৭ শতাংশ কমে হয়েছে ৩০৪০ দশমিক ৬৯ পয়েন্ট। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২১ দশমিক ৩৯ পয়েন্ট বা দশমিক ৮২ শতাংশ কমে ২৫৮০ দশমিক ২৬ পয়েন্ট হয়। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৯ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ৩৭ শতাংশ কমে ২৫৩৭ দশমিক ৪৫ পয়েন্ট হয়েছে। বৃহস্পতিবার এ বাজারে ২২৭ কোটি টাকার এক কোটি ৪৬ লাখ ৬৫ হাজার ৩০২টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৩টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত ছিল ১২টির দাম। তালিকার শীর্ষে থাকা বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম এক দশমিক ৯৪ শতাংশ কমে ১০১ টাকা হয়েছে। স্কয়ার ফার্মার শেয়ারের দাম দশমিক ৫০ শতাংশ কমে হয়েছে ৫১৪৮ টাকা ৫০ পয়সা। এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম চার দশমিক ০২ শতাংশ কমে ২০ টাকা ৫০ পয়সা হয়েছে। তবে অ্যাপেক্স ট্যানারির শেয়ারের দাম দুই দশমিক ০৬ শতাংশ বেড়ে ১৪০৭ টাকা ৭৫ পয়সায় পৌঁছায়। লঙ্কাবাংলা ফিনান্সের শেয়ারের দাম দশমিক ৮৬ শতাংশ কমে ১৮৩ টাকা ৯০ পয়সা হয়েছে। এছাড়া ব্র্যাক ব্যাংক, গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান ও লাফার্জ সুরমার শেয়ারের দাম কমেছে; বেড়েছে কেয়া কসমেটিক্স ও যমুনা অয়েলের দাম। বৃহস্পতিবার তথ্য প্রযুক্তি, সিমেন্ট ও সিরামিক খাতের শেয়ারের দাম কমায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ছিল নিম্নমুখী। এ বাজারে সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৪৫ দশমিক ০১ পয়েন্ট বা দশমিক ৭৫ শতাংশ কমে হয়েছে ৫৯১৩ দশমিক ৭৭ পয়েন্ট। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৬৩ দশমিক ৮৭ পয়েন্ট বা দশমিক ৬৯ শতাংশ কমে ৯১৩৮ দশমিক ৮৫ পয়েন্ট হয়। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৩৭ দশমিক ৯৫ পয়েন্ট বা দশমিক ৪৭ শতাংশ কমে ৮০৩১ দশমিক ১৯ পয়েন্ট হয়েছে। সিএসইতে ৩৬ কোটি ৬২ লাখ ৮০ হাজার টাকার ৩২ লাখ ২৪ হাজার ৬২টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ১০২টির দাম কমেছে এবং চারটির দাম অপরিবর্তিত ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/টিএইচ/জেকে/২২১২ ঘ.