ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের ধান-চাল সংগ্রহ অভিযান শেষ হওয়ার পর আগামী সেপ্টেম্বর থেকে সারা দেশে আবার খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) শুরু হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের ছয় নির্বাহী পরিচালকের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "ধান-চাল সংগ্রহ অভিযান ও ওএমএস কর্মসূচি একসঙ্গে চালু রাখা সম্ভব নয়। সরকার ২৮ টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে চাল কিনছে। সেই চাল খোলা বাজারে ২৫ টাকা কেজি দরে বিক্রি করা হলে ওএমএস এর চালই পরে সরকারকে ২৮ টাকা দরে কিনতে হতে পারে। এ কারণেই আপাতত খোলাবাজারে চাল বিক্রি বন্ধ রাখা হয়েছে। আগস্টে সরকারের ধান-চাল সংগ্রহ অভিযান শেষ হবে। এরপর সেপ্টেম্বরে আবারও ওএমএস চালু করা হবে।"
বাজেট ঘোষণার পর চাল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আবার বাড়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জ্জা আজিজ বলেন, "বাজেটের সঙ্গে জিনিসপত্রের দাম বাড়ার কোনো সম্পর্ক নেই। বাজেটে এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যে জিনিসপত্রের দাম বাড়বে। বাজেট উপস্থাপনের অনেক আগেই নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছিল। এখন জিনিসপত্রের দাম বাড়ার কোনো কারণ আমি দেখি না।"
অর্থ উপদেষ্টা বলেন, "আসলেই জিনিসপত্রের দাম বাড়ছে কি না, বেড়ে থাকলে কেন বাড়ছে- তা বাণিজ্য মন্ত্রণালয় বলতে পারবে।"
মূল্যস্ফীতি আরও বাড়বে কি না- এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "মূল্যস্ফীতি এখন সব দেশের জন্যই উদ্বেগের বিষয়। ভারত আর আমাদের মূল্যস্ফীতির হার এখন প্রায় সমান। শ্রীলংকার মূল্যস্ফীতি ২০ শতাংশ, ভিয়েতনামের ২৩ শতাংশ।"
অর্থ উপদেষ্টা দাবি করেন, "পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে আমাদের মূল্যস্ফীতি এক পর্যায়ে দুই অঙ্ক (১০ শতাংশের ওপরে) পৌঁছলেও গত এপ্রিল তা কমে ৭ দশমিক ৬৬ শতাংশে নেমে এসেছে। নতুন বাজেটে গড় মূল্যস্ফীতি ৯ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে বাংলাদেশের বাস্তবতায় ৯ শতাংশ মূল্যস্ফীতিও উদ্বেগজনক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এসকে/১৮০৪ঘ.
bdnews24