২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিওভুক্ত নয় এমন শিক্ষা-প্রতিষ্ঠানে মহার্ঘ ভাতা কার্যকর হবে না

এমপিওভুক্ত নয় এমন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকার ঘোষিত ২০ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন না। কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 02:51 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমপিওভুক্ত নয় এমন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকার ঘোষিত ২০ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন না। কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। ছোটো-খাটো দু-একটি বিষয় ছাড়া প্রস্তাবিত বাজেটে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না বলেও জানিয়েছেন তিনি। বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক জুনিয়র মন্ত্রী শাহিদ মালিকের সঙ্গে এক বৈঠকের পর অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন। বজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতার যে ঘোষণা দেয়া হয়েছে কমিউনিটি প্রাাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তা পাবেন কি না- এ প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, "এমপিওভুক্ত ছাড়া অন্য কোনো শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ২০ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন না। কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও এ সুবিধা পাবেন না।" মির্জ্জা আজিজ জানান, প্রস্তাবিত বাজেটে বড় কোনো পরিবর্তন আনা হবে না। বৃহস্পতিবার এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসবেন তিনি। তিনি বলেন, "প্রস্তাবিত বাজেট নিয়ে প্রায় ১০টি ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে। তাছাড়া ওয়েবসাইটে ও ডাকযোগে যে সব মতামত পাওয়া গেছে তাতেও বড় কোনো পরিবর্তনের প্রস্তাব কেউ দেয়নি।" অর্থ উপদেষ্টা বলেন, "এবার বাজেট উপস্থাপনের আগে অন্য যে কোনো সময়ের চেয়ে এ ব্যাপারে বেশি আলোচনা হয়েছে। ব্যবসায়ী শিল্পপতি, অর্থনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে আলোচনা করে অনেক বিচার-বিশ্লেষণের পর সময়োপযোগী ও বাস্তবায়নযোগ্য বাজেট দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে সবার মতের প্রতিফলন ঘটেছে। এ কারণেই এতে বড় কোনো পরিবর্তনের প্রয়োজন নেই।" অর্থ উপদেষ্টা জানান, নির্ধারিত তারিখ (১৬ জুন) পর্যন্ত বাজেট নিয়ে মোট ৫৪২টি মতামত এসেছে। এর মধ্যে ই মেইলে ৩৫০টি এবং ডাকে ১৯২টি মতামত পাওয়া গেছে। অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম গত ৯ জুন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে দ্বিতীয় বারের মতো বাজেট উপস্থাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/২০৪২ ঘ.