ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, দেশের পুঞ্জীভূত সমস্যা কোনো সরকারের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। এর জন্য জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
অর্থ উপদেষ্টা বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি মিলনায়তনে গবেষণার ফলাফল বিতরণ বিষয়ক এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদ দু'দিনের এ সেমিনারের আয়োজন করে।
সমস্যার সমাধানে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সবার এগিয়ে আসার ওপর জোর দিয়ে উপদেষ্টা বলেন, এক্ষেত্রে গবেষকদেরও নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।
অর্থ উপদেষ্টা বলেন, "সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদসহ দেশের অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানকে এমন বিষয় নিয়ে গবেষণা করতে হবে যার ফলাফল সরকারের নীতি নির্ধারণে সহায়ক হবে।"
এ সেমিনারে উপস্থাপিত গবেষণা প্রতিবেদনগুলোর সংক্ষিপ্তসার সুনির্দিষ্ট সুপারিশ আকারে সরকারের নীতি নির্ধারক পর্যায়ে উপস্থাপন করার অনুরোধ করেন তিনি।
সামাজিক গবেষণা পরিষদের এ সেমিনারে নগর দারিদ্র্য বিমোচনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা, দারিদ্র্য বিমোচন, বিশুদ্ধ পানি সরবরাহ ও ভোক্তা অধিকারসহ ১৩টি বিষয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হবে।
আয়োজক সংস্থার গবেষণা ও স্টিয়ারিং কমিটির সভাপতি পরিকল্পনা সচিব জাফর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিকল্পনা বিভাগের যুগ্ম সচিব কবীর উদ্দিন আহমেদ, সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের পরিচালক আব্দুর রহীম খান প্রমুখ বক্তব্য রাখেন।
দেশে সামাজিক বিজ্ঞান গবেষণাø
bdnews24