২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ কোটি ডলার সহায়তার আশ্বাস দিলেন সফররত ডিএফআইডি মন্ত্রী

আগামী অর্থ বছরে বাংলাদেশকে ২৫ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাজ্য। ২০০৯-১০ অর্থ বছরে এ সহায়তা বেড়ে ৩০ কোটি ডলারে পৌঁছবে বলে জানিয়েছেন সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক (ডিএফআইডি) কনিষ্ঠ মন্ত্রী শাহিদ মালিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 10:52 AM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থ বছরে বাংলাদেশকে ২৫ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাজ্য। ২০০৯-১০ অর্থ বছরে এ সহায়তা বেড়ে ৩০ কোটি ডলারে পৌঁছবে বলে জানিয়েছেন সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক (ডিএফআইডি) কনিষ্ঠ মন্ত্রী শাহিদ মালিক। বুধবার দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে ব্রিটিশ মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। এসময় তিনি জানান, বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্যের সহায়তা অব্যাহতভাবে বাড়বে। শাহিদ মালিক বলেন, "প্রায় সমাপ্ত ২০০৭-০৮ অর্থ বছরে যুক্তরাজ্য বাংলাদেশকে ২৩ কোটি মার্কিন ডলার উন্নয়ন সহায়তা দিয়েছে। আগামী ২০০৮-০৯ অর্থ বছরে এ সহায়তার পরিমাণ বেড়ে ২৫ কোটি ডলারে দাঁড়াবে। ২০০৯-১০ অর্থ বছরে তা আরও বেড়ে ৩০ কোটি ডলারে পৌঁছবে বলে আমরা আশা করছি।" এ অর্থ যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের (ডিএফআইডি) মাধ্যমে বাংলাদেশে দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে বলে তিনি জানিয়েছেন। শাহিদ মালিক বলেন, "বাংলাদেশ ও এর জনগণের সম্ভাবনার ওপর যুক্তরাজ্যের দৃঢ় আস্থা রয়েছে। সেজন্যই আমরা ইতিবাচক উন্নয়ন সহযোগিতা অব্যাহত রেখেছি যা ভবিষ্যতে আরও বাড়বে।" বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত জানতে চাইলে ব্রিটিশ মন্ত্রী বলেন, "আমি অর্থ উপদেষ্টার সঙ্গে অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেছি। রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। তাই অর্থনীতির বাইরে কোনো বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।" দক্ষিণ এশিয়ায় ব্রিটেনের উন্নয়ন কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্বপ্রাপ্ত এ মন্ত্রী বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ক্ষতির কথা স্বীকার করে বলেন, "গত বছরের নভেম্বরে ঘূর্ণিঝড় সিডরের কারণে বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ সে ক্ষতি এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি।" তিনি বলেন, "শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অনেক দেশই জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে ক্ষতি পুষিয়ে দিতেই যুক্তরাজ্য ১০ কোটি ডলারের একটি তহবিল গঠন করেছে। বাংলাদেশ এ তহবিলের অর্থ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে।" এ টাকা দিয়ে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আশ্রয় কেন্দ্র নির্মাণ, গরিব মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাসহ অন্যান্য খাতে ব্যয় করা হবে বলে ব্রিটিশ মন্ত্রী জানান। অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজ সাংবাদিকদের বলেন, "যুক্তরাজ্যের মন্ত্রী আমাদের নতুন বাজেটের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, আগামী বাজেটে একদিকে যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, অন্যদিকে সামাজিক নিরাপত্তার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।" উপদেষ্টা বলেন, "যুক্তরাজ্য বাংলাদেশে উন্নয়ন সহায়তা বাড়াবে বলে বৈঠকে আলোচনা হয়েছে। তারা বছরে ৫ কোটি ডলারের মতো বাড়াবে বলে আমাকে আশ্বাস দিয়েছে।" শাহিদ মালিক বুধবার সকাল সাড়ে আটটায় এমিরেটসের একটি ফ্লাইটে দু'দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। শাহিদ মালিক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ,আসন্ন নির্বাচন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে ঢাকাস্থ ডিএফআইডি প্রেস বিভাগ জানিয়েছে। গত ছয় মাসের মধ্যে বাংলাদেশ আসা চতুর্থ ব্রিটিশ মন্ত্রী শাহিদ মালিক। এর আগে সেদেশের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডগলাস আলেক্সান্ডার, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড ও স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকি স্মিথ বাংলাদেশ সফর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/কেআরসি/এমএআর/এসকে/১৬৪৪ঘ.