ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পোশাক শিল্পকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার উদ্দেশ্যে 'শিল্পাঞ্চল পুলিশ' গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পোশাক শিল্প সংশ্লিষ্ট মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ।
এসময় দুর্নীতির অভিযোগে বিচারের সম্মুখীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যাপারে সরকারের উদ্যোগের অবস্থা জানতে চাওয়া হলে তিনি বলেন, "এ ব্যাপারে আমি কোনো কথা বলবো না।"
বৈঠক শেষে বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ সাংবাদিকদের জানান, পোশাক শিল্পে অস্থিরতা 'দমন ও নিয়ন্ত্রণ' করে যে কোন মূল্যে নিরাপত্তা দেওয়ার দাবি করা হয়েছে । প্রয়োজনে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট গঠনের প্রস্তাবও করেছেন তারা।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি আবদুল হাই সরকারসহ সাতজন।
বিজিএমইএ সভাপতি সাংবাদিকদের আরও বলেন, "শ্রমিক নামধারী কিছু লোক গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। কোন ধরনের ইস্যু পেলেই তারা গার্মেন্টস ভাঙচুর ও বন্ধের চেষ্টা করছে। এমনকি সড়ক দুর্ঘটনায় কোন শ্রমিক হতাহত হলেও গার্মেন্টস শিল্পে এর প্রভাব পড়ছে। এজন্য আমরা আশঙ্কিত বলে সরকারের কাছে নিরাপত্তা চেয়েছি।"
তিনি বলেন, "সরকার কীভাবে নিরাপত্তা দেবে তা আমরা জানি না। আমরা সরকারকে রাজস্ব দেই।"
সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে এ পোশাক শিল্প নেতা বলেন, "স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের বক্তব্য শুনেছেন এবং সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/এমএ/আরবি/এসকে/১৭০৯ঘ.
bdnews24