২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটের বাস্তবায়ন নিয়ে সন্দিহান বাসদ

নতুন অর্থবছরের প্রস্তাবিত বিশাল অঙ্কের বাজেটের বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। দলটির দাবি, এবারের বাজেট ব্যবসাবান্ধব হলেও গরিববান্ধব নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 12:56 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন অর্থবছরের প্রস্তাবিত বিশাল অঙ্কের বাজেটের বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। দলটির দাবি, এবারের বাজেট ব্যবসাবান্ধব হলেও গরিববান্ধব নয়। বুধবার তোপখানা রোডে দলীয় কার্যালয়ে সংলাপোত্তর পরিস্থিতি এবং বাজেট প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে বাসদ নেতারা এ দাবি করেন। দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খালেকুজ্জামান বলেন, "চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৪৬ ভাগ বাস্তবায়িত হয়েছে। নতুন অর্থবছরে এর সমপরিমাণ বাস্তবায়ন হওয়া নিয়েও সংশয় আছে।" এবারও বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে মনতব্য করে তিনি বলেন, "শিল্পে কর অবকাশ সুযোগও অব্যাহত রয়েছে। এতে বোঝা যায় এটি ব্যবসায়ীদের খুশি করার বাজেট। সার্বিকভাবে এ বাজেট মোটেও গরিববান্ধব নয়, বরং ব্যবসাবান্ধব।" শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানির মতো জনগুরুত্বপূর্ণ খাতগুলোতে আগের চেয়ে কম বরাদ্দ দেওয়া হয়েছে দাবি করে খালেকুজ্জামান বলেন, "অন্যদিকে প্রতিরক্ষাখাতে এবার এক হাজার ২৯ কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। ঋণের সুদ পরিশোধকে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত ধরা হয়েছে। অভ্যন্তরীণ খাত থেকে দেদারসে ঋণ গ্রহণের ফলে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা রয়েছে।" গত ৪ জুন সরকারের সঙ্গে সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, "সেখানে ১০টি বিষয়ের ওপর ভিন্নমত পোষণ করে আমারা সুনির্দিষ্ট মতামত দিয়েছি। বর্তমান পরিস্থিতি নিয়েও আমরা কথা বলেছি।" সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ সরকার, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, আব্দুর রাজ্জাক, তাহেরা বেগম জলি প্রমূখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এসএনডি/১৮৪৯ ঘ.