ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৮-০৯ অর্থ বছরের রাজস্ব বাজেটের ৩৭ শতাংশ অর্থ ব্যয় হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও সরকারের নেয়া ঋণের সুদ পরিশোধে।
সোমবার অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম এ বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।
নতুন বাজেটে মোট রাজস্ব ব্যয় (অনুন্নয়ন ব্যয়) ধরা হয়েছে ৭২ হাজার ৫৮৫ কোটি টাকা। এর মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১৪ হাজার ৩৭ কোটি টাকা। এই অর্থ মোট রাজস্ব ব্যয়ের ১৯ দশমিক ৭ শতাংশ।
এর মধ্যে কর্মকর্তাদের বেতন বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ২৬০ কোটি টাকা। কর্মচারীদের বেতন ধরা হয়েছে ৫ হাজার ৮৯০ কোটি টাকা। আর ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৬ হাজার ৮৮৭ কোটি টাকা।
বিদায়ী ২০০৭-০৮ অর্থবছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ মোট বরাদ্দ ছিল ১৩ হাজার ৫০৮ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা বেড়ে ১৩ হাজার ৬৬০ কোটি টাকায় দাঁড়ায়।
নতুন বাজেটে সরকারের সুদ পরিশোধ বাবদ বরাদ্দ রাখা হয়েছে মোট ১২ হাজার ৫৬৫ কোটি টাকা। এই অর্থ মোট রাজস্ব ব্যয়ের ১৭ দশমিক ৩ শতাংশ।
এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধ বাবদ ১১ হাজার ২৭৪ কোটি টাকা এবং বৈদেশিক ঋণের সুদ বাবদ ১ হাজার ২৯১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বিদায়ী বাজেটে এ খাতে ১০ হ্জাার ৭৮৫ কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ১১ হাজার ৯৬৭ কোটি টাকা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/২২৫৭ ঘ.
bdnews24