২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ছে কৃষিখাতে করছাড় ও শুল্ক সুবিধা

কৃষি আয়ের ওপর নির্ভরশীল ব্যক্তির ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে। এর পাশাপাশি আগামী বাজেটে কৃষির বিভিন্ন খাতের শুল্ক ও কর সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি আরও কিছু প্রস্তাব করা হয়েছে। সোমবার বিকেলে ঘোষিত ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে এসব সুবিধা দেওয়ার প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2008, 02:29 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি আয়ের ওপর নির্ভরশীল ব্যক্তির ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে। এর পাশাপাশি আগামী বাজেটে কৃষির বিভিন্ন খাতের শুল্ক ও কর সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি আরও কিছু প্রস্তাব করা হয়েছে। সোমবার বিকেলে ঘোষিত ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে এসব সুবিধা দেওয়ার প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম। বর্তমানে সাধারণ করমুক্ত সীমার পরেও কৃষি আয়ের ওপর নির্ভরশীল ব্যক্তির ক্ষেত্রে অতিরিক্ত ৪০ হাজার টাকা করমুক্ত রয়েছে। প্রস্তাবিত বাজেটে করমুক্ত এই অতিরিক্ত আয়ের সীমা আরও ১০ হাজার টাকা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ কেবল কৃষির ওপর নির্ভরশীল ব্যক্তির ২ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর কর দিতে হবে না। আর এই শ্রেণীর মহিলা করদাতা ও ৭০ বছর বা তার চেয়ে বেশি বয়সের করদাতার ২ লাখ ১৫ হাজার টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকবে। এছাড়া মাছ, হাঁস-মুরগি, গবাদিপশু, দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্যের খামার, মাশরুম, রেশম গুটিপোকা পালন, বীজ উৎপাদন, স্থানীয়ভাবে উৎপাদিত বীজ বিপণন এবং ফুল ও লতাপাতার চাষ হওয়া আয় আরও তিনবছর (১ জুলাই ২০০৮ থেকে ৩০ জুন ২০১১) করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে আমদানি শুল্কহার সার্বিকভাবে কমিয়ে মুলধনী যন্ত্রপাতি হিসাবে ৩ শতাংশ রেয়াতি শুল্ক সুবিধা দেওয়ারও প্রস্তাব করা হয়েছে। কৃষির জন্য সার ও বীজ আমদানিতে (শূন্য শুল্ক) শুল্ক থাকবে না। হাঁস-মুরগির খাদ্য উৎপাদনে মূলধনী যন্ত্রপাতির আমদানিও শুল্কমুক্ত থাকবে। হাঁস মুরগির খামারের বাচ্চা পরিবহন ও রক্ষণাবেক্ষণে ব্যবহৃত প−াস্টিক ট্রে এবং বীজতলার জন্য নার্সারি ট্রে আমদানিতে বিশেষ শুল্কমুক্ত সুবিধা দিয়ে আরোপযোগ্য সব ধরনের শুল্ককর না রাখার প্রস্তাব করা হয়েছে। হাঁস-মুরগি ও গবাদিপশুর খাদ্যের পাশাপাশি মাছের খাদ্যের ক্ষেত্রেও শুল্ককর না রাখার প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা কৃষি প্রক্রিয়াকরণ শিল্পকে কর অবকাশের জন্য নির্ধারিত শিল্পের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছেন। আগামী বছরের প্রস্তাবিত বাজেটে প্রত্যন্ত অঞ্চলে পরিকল্পিত আবাসন খাতে বিনিয়োগ উৎসাহিত করার জন্য কয়েকটি এলাকা বাদে অন্য এলাকায় নবনির্মিত বহুতল ভবনের যে কোন আয় আগামী ১০ বছর করমুক্ত রাখার কথা বলা হয়েছে। সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড, জেলা সদরের পৌরসভা ও ঢাকা জেলার কোন পৌরসভার আওতাভুক্ত এলাকায় আবাসনের জন্য এ সুবিধা পাওয়া যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএসবি/এমএইচবি/২০২১ ঘ.