২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ হাজার ৬০০ কোটি টাকার এডিপি অনুমোদন

আগামী অর্থবছরের জন্য ২৫ হাজার ৬০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদিত হয়েছে। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম ২৫ হাজার ৬০০ কোটি টাকার এডিপি অনুমোদনের কথা সাংবাদিকদের জানান। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2008, 08:33 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের জন্য ২৫ হাজার ৬০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদিত হয়েছে। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের ২৫ হাজার ৬০০ কোটি টাকার এডিপি অনুমোদনের কথা জানান। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নতুন এডিপিতে বিদেশি সহায়তা নির্ভরতা কমিয়ে দেশীয় খাত থেকে অর্থের যোগান বাড়ানো হয়েছে। ২৫ হাজার ৬০০ কোটি টাকার নতুন এডিপিতে স্থানীয় সম্পদের পরিমাণ ধরা হয়েছে ১৩ হাজার ৬০০ কোটি টাকা (৫৩ শতাংশ)। আর বৈদেশিক সাহায্য ধরা হয়েছে ১২ হাজার কোটি টাকা (৪৭ শতাংশ)। চলতি ২০০৭-০৮ অর্থবছরের এডিপিতে বৈদিশিক সহায়তার পরিমাণ ছিল প্রায় অর্ধেক। ২৬ হাজার ৫০০ কোটি টাকার এই এডিপিতে দেশীয় খাত থেকে অর্থের যোগান ধরা হয় ১৩ হাজার ৫২৫ কোটি টাকা। বাকি ১২ হাজার ৯৭৫ কোটি টাকা বা ৪৯ শতাংশ অর্থের যোগানের জন্য নির্ভর করা হয় বিদেশি সহায়তার ওপর। এর আগের অর্থবছরে (২০০৬-০৭) ২৬ হাজার কোটি টাকার এডিপির মধ্যে বৈদেশিক সহায়তার পরিমাণ ছিল ১১ হাজার ৩১৮ কোটি টাকা, যা মোট বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রায় ৪৪ শতাংশ। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম আগামী ৯ জুন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মাধ্যমে ২০০৮-০৯ অর্থবছরের বাজেট ঘোষণা করবেন। পরিকল্পনা সচিব জাফর আহমেদ চৌধুরী গত বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিক পর্যায়ে ২৫ হাজার ৫০০ কোটি টাকার এডিপি চূড়ান্ত করা হলেও শেষ মুহূর্তে আরও একশ কোটি টাকা বাড়ানো হয়েছে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বৈদেশিক সাহায্যপ্রাপ্তি আশানুরূপ না হওয়াতেই আগামী এডিপিতে দেশীয় সম্পদ থেকে যোগান বাড়ানো হচ্ছে।" চলতি অর্থবছরের বাজেটে মূল এডিপির আকার ছিল ২৬ হাজার ৫০০ কোটি টাকা। তবে নানা কারণে বাস্তবায়ন সন্তোষজনক না হওয়ায় গত ২৪ মার্চ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এসইসি'র সভায় তা কাটছাঁট করে ২২ হাজার ৫০০ কোটিতে নামিয়ে আনা হয়। জাফর আহমেদ চৌধুরী বলেন, "দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় আগামী অর্থবছরের এডিপিতে কর্মসংস্থান সৃষ্টিমূলক প্রকল্পকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষি, বিদ্যুৎ, পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন সহায়ক প্রকল্প বেশি গ্রহণ করা হবে।" স্বাধীনতার পর গত ৩৬টি এডিপি বিশ্লেষণ করে দেখা যায়, প্রতি বছরই এডিপি'র আকার বেড়েছে। এবারই প্রথম উন্নয়ন কর্মসূচির আকার কমানোর সিদ্ধান্ত নিল সরকার। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২-৭৩ প্রথম এডিপি'র আকার ছিল ৫০১ কোটি টাকা। এরপর থেকে প্রতি বছরই বরাদ্দের পরিমাণ বেড়ে চলতি অর্থবছরে তা ২৬ হাজার ৫০০ কোটিতে পৌঁছায়। ২০০৫-০৬ অর্থবছরে মূল এডিপি ছিল ২৪ হাজার ৫০০ টাকা। ২০০৬-০৭ অর্থবছরে তা ছিল ২৬ হাজার কোটি টাকা। তবে কোনোবারই মূল এডিপির পুরোটা বাস্তবায়ন হয়নি। অর্থবছরের শেষে এসে প্রতিবারই মূল এডিপি থেকে একটি বড় অংশ ছেঁটে ফেলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২০২৫ ঘ.