ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজেটে নারীদের জন্য করমুক্ত আয়ের সীমা বাড়ানোর দাবি জানানো হয়েছে এক সেমিনারে।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে 'জাতীয় বাজেটের জেন্ডার সংবেদনশীলতা অর্জনে রাজস্বনীতির ভূমিকা' শীর্ষক সেমিনারে উন্নয়ন সমুন্বয়-এর চেয়ারম্যান আতিউর রহমান বলেন, "চলতি বাজেটে ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা ছিল এক লাখ ৫০ হাজার টাকা। নতুন বাজেটে নারীদের ক্ষেত্রে এ সীমা ৫০ হাজার টাকা বাড়িয়ে ২ লাখ করা উচিত বলে আমি মনে করি।"
মূল প্রবন্ধে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক প্রতিমা পাল মজুমদার নারীর উপার্জন, সম্পত্তি ও পূঁজির ওপর কর মওকুফের দাবি জানান। এছাড়া নারী উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়া ব্যাংক ঋণ, তাদের প্রতিষ্ঠানের কাঁচামালের ক্ষেত্রে আমদানি শুল্ক মওকুফসহ বেশ কিছু সুপারিশ করেন তিনি।
বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি খলিকুজ্জমান আহমদ বলেন, "বাজেটে শুধু বরাদ্দ দিলেই হবে না; সে অর্থ খরচ বা প্রকল্প ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে কি না সেটাই বড় কথা। চলতি অর্থ বছরের ১০ মাসে (জুলাই-মার্চ) সংশোধিত উন্নয়ন বাজেটের (এডিপি) ৫৪ শতাংশ বাস্তবায়ন হয়েছে। অথচ অন্য খাতে সরকারের ব্যয় বাজেটের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে।"
বেসরকারি সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ও ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) যৌথভাবে এ সেমিনারেরর আয়োজন করে।
বিএনপিএস এর নির্বাহী পরিচালক রোকেয়া কবীরের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, অর্থ মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল কনসালট্যান্ট কানিজ সিদ্দিকী, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, আইইডি'র নির্বাহী পরিচালক নূমান আহম্মদ খান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/জেকে/এমএইচবি/২১২৮ ঘ.
bdnews24