ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিনের বড় ধরনের দরপতনের হোঁচট মঙ্গলবার ভালোই কাটিয়ে উঠেছে ঢাকার পুঁজিবাজার। এদিন দেশের দুই পুঁজিবাজারেই বেড়েছে লেনদেন।
মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান আইডিএলসি সিকিউরিটিজের একজন কর্মকর্তা বলেন, "আজ (মঙ্গলবার) বিনিয়োগকারীদের কাছ থেকে বেশ সাড়া পাওয়া গেছে। তবে কয়েকটি প্রতিষ্ঠানের মুনাফা ঘোষণার গুজব বাজারের লেনদেনকে প্রভাবিত করেছে।"
বাজার বিশ্লেষকরা বাজারের এই আচরণকে স্বাভাবিক বলেই মনে করছেন।
বিনিয়োগ পরামর্শক বশির আহমেদের বলেন, "বাজার স্বাভাবিক আচরণ করছে। যদিও সূচক ভালো মাত্রায় উঠেছে, তবে তার সঙ্গে মোট লেনদেনও বেড়েছে।"
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৬ দশমিক ৩৯ পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ বেড়ে ৩১২৫ দশমিক ৪২ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৫ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ বেড়ে হয়েছে ২৬৫২ দশমিক ৬৬ পয়েন্ট। ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক দশমিক ৩৬ পয়েন্ট বা দশমিক ০১ শতাংশ কমে হয় ২৫৬৮ দশমিক ৭৭ পয়েন্ট।
ডিএসইতে এদিন ৪৪৫ কোটি টাকার ২ কোটি ৭২ লাখ ৮০ হাজার ১৪টি শেয়ার লেনদেন হয়। এরমধ্যে ১১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত ছিল ১০টির দাম।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ৬ দশমিক ০৮ শতাংশ বেড়ে হয়েছে ২৫ টাকা ১০ পয়সা।
দ্বিতীয় অবস্থানে থাকা এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ারের দাম ১০ দশমিক ৬৮ শতাংশ বেড়ে ৩৬৭ টাকা ৭৫ পয়সা হয়। এবি ব্যাংকের শেয়ারের দাম ৯ দশমিক ৬৫ শতাংশ বেড়ে হয় ১৪৩৯ টাকা ৭৫ পয়সা।
তবে স্কয়ার ফার্মার শেয়ারের দাম দশমিক ০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫২৯৩ টাকা ২৫ পয়সায়। এ ছাড়া শাহজালাল ব্যাংকের শেয়ারের দাম ৯ দশমিক ৩৪ শতাংশ কমে ৩২৭ টাকা ৫০ পয়সা হয়েছে।
এদিন লেনদেনের তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ব্র্যাক ব্যাংক, আইএফআইসি ও আল আরাফাহ ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে, কমেছে কেয়া কসমেটিক্স ও ইউনিয়ন ক্যাপিটার শেয়ারের দাম।
সিরামিক, ইঞ্জিনিয়ারিং, পেপার ও প্রিন্টিং খাতের শেয়ারের উপর ভর করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে মঙ্গলবার।
সিএসইতে ৬৫ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার টাকার ৫১ লাখ ৪৮ হাজার ৫৮৯টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৭৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৮০টির দাম কমেছে এবং তিনটির দাম অপরিবর্তিত ছিল।
সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ১৮ দশমিক ৮৯ পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ বেড়ে ৯২৩৪ দশমিক ৮১ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ১৬ দশমিক ১৭ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ বেড়ে হয়েছে ৫৯৬৫ দশমিক ৬০ পয়েন্ট। এছাড়া সিএসই- ৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৪৭ দশমিক ১৫ পয়েন্ট বা দশমিক ৫৮ শতাংশ বেড়ে ৮১১৬ দশমিক ১০ পয়েন্ট হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসএনডি/২২০৩ ঘ.
bdnews24