২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাইতেই ইসিআর চালুর বাধ্যবাধকতা থেকে সরে এলো এনবিআর

আগামী জুলাই থেকে সব ধরনের পাইকারি ও খুচরা দোকানে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার (ইসিআর) চালু বাধ্যতামূলক করার নির্দেশ থেকে সরে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 02:31 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- আগামী জুলাই থেকে সব ধরনের পাইকারি ও খুচরা দোকানে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার (ইসিআর) চালু বাধ্যতামূলক করার নির্দেশ থেকে সরে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ রোববার বলেছেন, "জুলাই মাসেই সব দোকানে ইসিআর চালু করতে হবে- এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে ধীরে ধীরে সব দোকানেই এ প্রদ্ধতি চালু করতে হবে।" রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবন মিলানায়তনে ইসিআর বিষয়ক এক কর্মশালায় তিনি এ কথা বলেন। গত বছরের শেষ ভাগে তখনকার এনবিআর চেয়ারম্যান বদিউর রহমান ২০০৮ এর জুলাই থেকে হোটেল, রেস্তোরাঁ, ফাস্ট ফুড, মিষ্টির দোকানসহ ছোট-বড় সব ধরনের পাইকারি ও খুচরা দোকানে ইসিআর পদ্ধতি চালু বাধ্যতামূলক করার ঘোষণা দেন। ব্যবসায়ীরা তখন থেকেই এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে আসছিল। আবদুল মজিদ চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর ওই সিদ্ধান্তে অনড় থাকেন। রোবববারই প্রথম তিনি এ ব্যাপারে নমনীয় মনোভাব দেখালেন। কর্মশালায় আব্দুল মজিদ বলেন, "আধুনিক প্রযুক্তির সুবিধা আমাদের নিতে হবে। ইসিআর পদ্ধতির অনেক সুবিধা আছে। মেশিনই বলে দেবে কার কতো আয় হয়েছে। আমাদের (এনবিআর) ভ্যাট আদায় পদ্ধতিও তাতে সহজ হবে। তবে ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনা করেই সব করা হবে।" বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান আমির হোসেন খান কর্মশালায় বলেন, "জুলাই থেকে এ নতুন পদ্ধতি চালু বাধ্যতামূলক করা হলে দোকানদাররা আরও অবাধ্য হয়ে যাবে। এমনিতেই অনেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে অভ্যস্ত নয়। ইসিআর পদ্ধতি চালুর সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেয়া হলে দোকান মালিক সমিতির পক্ষ থেকেও কোনো সহযোগিতা করা হবে না।" কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার (ঢাকা-দক্ষিণ) রেজাউল হাসানের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে এনবিআর সদস্য (ভ্যাট) মোহাম্মদ আলম, দোকান মালিক সমিতির মহাসচিব এস এ কাদের কিরণ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/২০১৫ ঘ.