২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনতে আরো সরকারি কেন্দ্র খোলার দাবি

প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি ধান-চাল কিনতে সরকারি উদ্যোগে আরো কেন্দ্র খোলার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি। একইসঙ্গে চাতাল মালিকদের কাছ থেকে সরকারিভাবে চাল কেনার বিরোধিতা করেছে তারা। সমিতি বলছে, এতে মধ্যসত্ত্বভোগীরা বেশি লাভবান হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 04:22 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি ধান-চাল কিনতে সরকারি উদ্যোগে আরো কেন্দ্র খোলার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি। একইসঙ্গে চাতাল মালিকদের কাছ থেকে সরকারিভাবে চাল কেনার বিরোধিতা করেছে তারা। সমিতি বলছে, এতে মধ্যসত্ত্বভোগীরা বেশি লাভবান হবে। রাজধানীর পুরানা পল্টনে মুক্তিভবনের কমিউনিস্ট পার্টির কার্যালয়ে বুধবার বাংলাদেশ কৃষক সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ আলী বলেন, "গ্রামের কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে সরকারকেই ধান-চাল কিনতে হবে। এ জন্য দেশের প্রায় প্রতিটি হাটে ক্রয়কেন্দ্রও খুলতে হবে।" মোর্শেদ আলী জানান, সরকারি গুদামগুলোর নানা অনিয়মের কারণে গুদামগুলোতে গিয়ে কৃষকরা ধান বিক্রি করতে অনীহা প্রকাশ করছে। সরকার নির্ধারিত দামে ধান-চাল বিক্রি করতে না পারায় কৃষকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকারি গুদামের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ধান-চাল ব্যবসায়ীরা সমঝোতা করে ধান সংগ্রহের সময় ধানের পরিমাণ ও গুণগতমানের অভাব রয়েছে জানিয়ে কৃষকদের প্রতারিত করছে। ক্রয়কেন্দ্রগুলোতে শুকনো ধান ভেজা হিসেবে চিহ্নিত করে মাপে বেশি নেওয়া হয়। আর্দ্রতার অভিযোগ এনে ক্রয়কেন্দ্রগুলোর কর্মচারীরা কৃষকদের হয়রানি করছে বলেও অভিযোগ করেন তিনি। সমিতির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এস এম সবুর বলেন, "সরকার চাতাল বা মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করার উদ্যোগ নেওয়ায় কৃষকরাই ক্ষতিগ্রস্ত হবে বেশি। অবস্থা বিবেচনায় মধ্যসত্ত্বভোগীদের কাছ থেকে চাল সংগ্রহ করার উদ্যোগ বাতিল করা জরুরি।" আগামী বাজেটে কৃষি খাতে বরাদ্ধ বৃদ্ধির দাবি জানিয়ে তিনি বলেন, "সার, বীজ, কীটনাশক ও সেচ ব্যবস্থায় ভর্তুকি দিতে হবে।" হাওড় অঞ্চলে প্রতি মণ ধান ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, "ক্রয়কেন্দ্রগুলোর অব্যবস্থাপনায় সরকার নির্ধারিত ৭২০ টাকায় কৃষকরা ধান বিক্রি করতে পারছে না।" সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নূরুর রহমান সেলিম, হরিসাধন দেব ব্রাহ্মণ ও সাজ্জাদ জহির চন্দন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এএল/এসএনডি/২২১৯ ঘ.