আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংকে (এনসিবি) খুব শিগগিরই দুই হাজার দক্ষ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। ব্যাংক চারটির দক্ষতা বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য বলে কর্মকর্তারা জানিয়েছেন।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদের সঙ্গে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের প্রধান নির্বাহী ও চেয়ারম্যানদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
বিষয়টি নিয়ে গভর্নর সালেহউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের দক্ষতা ও প্রতিযোগিতা বাড়াতে দক্ষ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে খুব শিগগিরই এ নিয়োগ দেয়া হবে।"
তিনি বলেন, "এই চার ব্যাংকে দক্ষ জনবলের অভাব রয়েছে। বেশ কিছুদিন ধরে ব্যাংকগুলোতে দক্ষ জনবল নিয়োগ দেওয়া হয়নি। এ কারণে তারা বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারছে না। বিষয়টি বিবেচনায় রেখেই বৈঠকে এই চার ব্যাংকে দক্ষ জনবল নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।"
তবে কী পরিমাণ জনবল নিয়োগ দেওয়া হবে সে বিষয়ে গভর্নর কিছু জানাননি।
নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকতা জানান, চার ব্যাংকের প্রতিটিতে ৫০০ জন করে মোট দুই হাজার কর্মকর্তা নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
গভর্নর আরও জানান, বেসরকারি ব্যাংকগুলো ব্যাংক ঋণে সুদের হার কমানোর উদ্যোগ নিয়েছে। এ পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো তাদের দক্ষতা না বাড়ালে বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে টিকতে পারবে না।
রাষ্ট্রয়ত্ত ব্যাংকগুলোর ব্যাংক ঋণে সুদের হার কমানোর কোনও উদ্যোগ নেওয়া হবে কিনা-এ প্রশ্নে সালেহউদ্দিন আহমেদ বলেন, "রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ঋণের সুদের হার সেরকারি ব্যাংকগুলোর চেয়ে কম। এ কারণে তাদের সুদের হার কমানোর জন্য আপাতত কোনও উদ্যোগ নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক।"
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকতাদের বেতন-ভাতা বেসরকারি ব্যাংকগুলোর চেয়ে অনেক কম থাকায় দক্ষ জনবল নিয়োগের প্রচেষ্টা সফল হবে কিনা- প্রশ্ন করা হলে গভর্নর বলেন, "এটা একটা সমস্যা। তবে এ সমসা সমাধানে সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।"
সালেহউদ্দিন আহমেদ বলেন, "বৈঠকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ যথাসম্ভব কমিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে। তারা অবশ্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনসহ (বিপিসি) সরকারি সংস্থাগুলোর বিপুল অংকের খেলাপি ঋণের কথা জানিয়েছে।"
সরকারি সংস্থাগুলোর খেলাপি ঋণের বিষয়ে ত্রিপক্ষীয় (সরকার-বিপিসি, সংশ্লিষ্ট ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংক) বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে গভর্নর জানান।
বৈঠকে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে অন-লাইন ব্যাংকিং চালুরও তাগিদ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩১ মার্চ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক- সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ১৪ হাজার কোটি টাকা।
ব্যবসায়ী-শিল্পপতি ও বাংলাদেশ ব্যাংকের অব্যাহত চাপে বেসরকারি ব্যাংকগুলো স
bdnews24