ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেনদেন ও সাধারণ সূচকে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ রেকর্ড গড়েছে । এদিন সাধারণ সূচক ৩১৩৩ পয়েন্টের ঘর অতিক্রম করে; অন্যদিকে মোট লেনদেনের অঙ্ক দাঁড়ায় ৪৬১ কোটি টাকায়।
গত ১৬ এপ্রিল সাধারণ সূচক সর্বোচ্চ ৩১২০ পয়েন্টের ঘর অতিক্রম করার পর ৩১৩৩ দশমিক ৪৯ পয়েন্টই এ পর্যন্ত সর্বোচ্চ।
নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যাংক কর্মকর্তা বলেন, আসল অবস্থা না বুঝে বিনিয়োগকারীদের মধ্যে কেউ কেউ কিছু কোম্পানির শেয়ার উচ্চমূল্যে কিনছেন। এতে তাদের বিনিয়োগ ঝুঁকির মধ্যে পড়ছে।
এইমস অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইয়েওয়ার সাঈদ বলেন, "কয়েকটি কোম্পানির শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষণা করার পরও ওইসব কোম্পানির শেয়ারের দাম বেড়ে যাওয়া অনাকাঙ্খিত।"
এই বিশ্লেষকের মতে, এ অবস্থায় খুচরা বিনিয়োগকারীরা ঝুঁকির মুখে পড়তে পারেন।
সোমবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১৮ দশমিক ৬৫ পয়েন্ট বা দশমিক ৫৯ শতাংশ বেড়ে দশমিক ৩১৩৩ দশমিক ৪৯ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১১ দশমিক ৫৯ পয়েন্ট বা দশমিক ৪৩ শতাংশ বেড়ে হয়েছে ২৬৫৩ দশমিক ৯৮ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৮ দশমিক ৩৫ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ বেড়ে ২৫২৬ দশমিক ১৩ পয়েন্ট হয়।
সোমবার ডিএসইতে ১৩৩ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত ছিল ১১ টির দাম।
এদিন লেনদেনের তালিকার শীর্ষে থাকা এইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দাম ১১ দশমিক ৮৮ শতাংশ বেড়ে হয়েছে ২১ টাকা ৪৭ পয়সা।
পরের অবস্থানে থাকা স্কয়ার ফার্মার শেয়ারের দাম দশমিক ৪৭ শতাংশ কমে ৫২৯৩ টাকা ৭৫ পয়সা হয়। তবে লঙ্কা বাংলা ফিনান্সের শেয়ারের দাম ৫ দশমিক ৮৪ শতাংশ বেড়ে ১৭৫ টাকা ৬০ পয়সায় পৌঁছায়।
এ ছাড়া জেড ক্যাটাগরির ইউসিবিএল- শেয়ারের দাম ৩ দশমিক ৩৮ শতাংশ কমে ৬১৭৪ টাকা ২৫ পয়সা হয়েছে। কেয়া কসমেটিক্সের শেয়ারের দাম মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় দশমিক ৮৪ শতাংশ কমে ৮২ টাকা ৬০ পয়সা হয়।
ডিএসইতে লেনদেনকৃত অন্য প্রতিষ্ঠানের মধ্যে গ্রামীণ ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, বেক্সিমকো ফার্মা, এস আলম কোল্ড রোল্ড স্টিল ও ডেসকোর শেয়ারের দাম বেড়েছে। তবে কমেছে এসিআই এর শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সোমবার সব শেয়ার সূচক ছিল ঊর্ধ্বমুখী।
সিএসইতে সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ১৫ দশমিক ৫১ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ বেড়ে ৮৮৬৭ দশমিক ১৬ পয়েন্ট হয় এদিন। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ১৪ দশমিক ৭৬ পয়েন্ট বা দশমিক ২৫ শতাংশ বেড়ে হয় ৫৭১০ দশমিক ৫৪ পয়েন্ট।
এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ১০ দশমিক ৯৭ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ বেড়ে ৭৭৭১ দশমিক ৬১ পয়েন্টে দাঁড়ায়।
সিএসইতে ৬১ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকার মোট ৪৮ লাখ ৩৮ হাজার ৭৮৯ টি শেয়ার লেনদেন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসকে/২০৩৫ঘ.
bdnews24