২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে: আইসিসিবি

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং চলতি বছরের ডিসেম্বরে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ (আইসিসিবি) এর সভাপতি মাহবুবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2008, 05:48 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং চলতি বছরের ডিসেম্বরে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ (আইসিসিবি) এর সভাপতি মাহবুবুর রহমান। শনিবার এমসিসিআই সম্মেলন কেন্দ্রে আইসিসিবির ত্রয়োদশ বার্ষিক সাধারণ সভায় নির্বাহী বোর্ডের প্রতিবেদনে তিনি এ মত দেন। মাহবুবুর রহমান বলেন, রাষ্ট্রের অব্যাহত উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্র"য়ারিতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে দেশে মূদ্রাস্ফীতির হার ছিল ১০ দশমিক ১৬ শতাংশ। গত বছর ফেব্র"য়ারিতে এই হার ছিল ৭ দশমিক ২৮ শতাংশ। আইসিসিবি সভাপতি বলেন, ২০০৮ অর্থবছরে বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ ধরা হয়েছিল। কিন্তু অভ্যন্তরীণ উৎপাদন ব্যাহত হওয়ায় এবং আন্তর্জাতিক বাজারে খাদ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অর্থনীতিতে মারাত্মক ফেলছে। এর পরিপ্রেক্ষিতে জিডিপি প্রবৃদ্ধির হার নতুন করে নির্ধারণ করা হয়েছে। নির্বাহী বোর্ডের প্রতিবেদনে বলা হয়, বিশ্ব অর্থনীতির অস্থিতিশীলতার কারণে আগামী বছরগুলোতে বাংলাদেশের অর্থনীতি কিছু ঝুঁকির মুখোমুখি হবে। অভ্যন্তরীণ রাজস্ব আদায়ে সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে করের ওপর নির্ভরশীলতা বড় ধরনের সমস্যা হিসাবে দেখা দেবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটি 'মহাপরিকল্পনার' ওপর গুরুত্ব দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই মহাপরিকল্পনায় কৃষি গবেষণার জন্য বিনিয়োগ, কৃষকদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ ও এখাতের আধুনিকায়নসহ প্রয়োজনীয় বিষয়গুলো থাকবে। দেশে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি ও বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উন্নয়নের জন্য আমলাতান্ত্রিক জটিলতা দূর করার ওপরও গুরুত্ব দেন মাহবুবুর রহমান। তিনি বলেন, "বিনিয়োগ আকর্ষণের জন্য প্রতিবেশী দেশগুলোর চেয়ে বেশি না হলেও সমপরিমাণ সুযোগ রাখা উচিত যাতে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুতে পারে।" ১১ জানুয়ারির পরিবর্তন বিভিন্ন খাতে উন্নতি ও ইতিবাচক ফল আনলেও দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেন আইসিসিবি সভাপতি। "অর্থনীতির সূচকগুলো লক্ষ্য করলে এটা বোঝা যায়-"বলেন মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে এফবিসিসিআই সভাপতি আনিসুল হক, ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ ফজলুল হক, আইসিসিবি'র সহ সভাপতি লতিফুর রহমান ও স্যামসন এইচ চৌধুরী এবং বিভিন্ন ব্যাংক, বীমা ও বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এসকে/২১৪৪ঘ.