ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গবেষণা কাজে আর্থিক সহায়তার জন্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বড় বড় ব্যবসায়ী-শিল্পপতিদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ।
জাতীয় প্রেসক্লাবে শনিবার সকালে বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের মহাব্যবস্থাপক মুস্তাফা মজিদ রচিত 'ত্রিপুরা জাতি পরিচয়' গবেষণা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলা একাডেমী গ্রন্থটি প্রকাশ করেছে।
গভর্নর বলেন, "আমাদের দেশে সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা থাকলেও গবেষণায় পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে। অথচ বাংলা ভাষায় বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, সাহিত্য নিয়ে গবেষণা জরুরি। এ ধরনের কাজে সহায়তা দিতে বাংলা একাডেমীসহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানকে আরো উদ্যোগী হতে হবে। একইসঙ্গে সরকারের পাশাপাশি বেসরকারি খাত বিশেষ করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বড় বড় ব্যবসায়ী-শিল্পপতিরা এ কাজে সহায়তা দিতে পারেন।"
আদিবাসী গবেষণা কেন্দ্র আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সৈয়দ আবুল মকসুদ, আহমেদ কামাল, বাংলা একাডেমীর মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ, কৃষিবিদ উসিট মং ও লেখক মুস্তাফা মজিদ।
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, "ক্ষুদ্র জাতিসত্তা সম্পর্কে আমরা আগ্রহী নই। কিন্তু বাংলাদেশ ঐতিহ্যগত দিক দিয়ে বহু জাতিসত্তার একটি দেশ। মুস্তাফা মজিদের 'ত্রিপুরা জাতি পরিচয়' গ্রন্থে ত্রিপুরাদের সুখ, দু:খ ও বঞ্চিত হওয়ার কাহিনী উঠে এসেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ/এসএনডি/১৫৪৯ ঘ.
bdnews24