২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের আমানতকারীদের বার্ষিক তথ্য জানাতে বললেন অর্থ উপদেষ্টা

প্রতিষ্ঠান সম্পর্কে আমানতকারীদের প্রতিবছর সব ধরনের তথ্য জানাতে ব্যাকংগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 11:04 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিষ্ঠান সম্পর্কে আমানতকারীদের প্রতিবছর সব ধরনের তথ্য জানাতে ব্যাকংগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। রাজধানীর শেরাটন হোটেলে বৃহস্পতিবার সকালে বেসরকারি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অনলাইন ব্যাংকিং সার্ভিসের উদ্বোধনের সময় তিনি এ আহ্বান জানিয়ে বলেন, "আমানতকারীদের অর্থে ব্যাংক গড়ে ওঠে। কিন্তু কোনো ব্যাংকেই আমানতকারীদের প্রতিনিধি নেই। ব্যাংক সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। আমানতকারীকে ব্যাংকের পক্ষ থেকে বার্ষিক সব তথ্য সরবরাহ করতে হবে। এর মাধ্যমে আমানতকারীরা ব্যাংক সম্পর্কে জানতে পারবে।" সরকারি বা বেসরকারি সব ব্যাংকের সেবাদানের ক্ষেত্রে সুনামের যথেষ্ট ঘাটতি আছে মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, "এ ঘাটতি পূরণে ব্যাংকগুলোর সেবার মান বাড়াতে হবে। কোনো প্রতিষ্ঠানের ভাবমূর্তি নির্ভর করে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন কর্মকতাদের কার্যক্রম ও ব্যবহারের ওপর। বিষয়টি বিবেচনায় রেখেই সংশ্লিষ্টদের দায়িত্বপালন করতে হবে।" ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক গত কয়েকবছর ধরে নানান তৎপরতা চালাচ্ছে বলে জানান মির্জ্জা আজিজুল। তিরি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকের নীতিমালা অনুসরণের জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আল-আরাফাহ ব্যাংকের চেয়ারম্যান আনোয়ার হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক এম এ সামাদ শেখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএ/১৭০০ ঘ.