ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশ থেকে ঋণ নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা তুলে নিতে অর্থ উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)। সমিতি দাবি করেছে, দেশীয় ব্যাংকের তুলনায় কম সুদে বিদেশ থেকে ঋণ সুবিধা পেলে স্থানীয় ব্যাংকের ওপর চাপ কমে আসবে।
বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে বিকেএমইএ এর নির্বাহী কমিটির এক বৈঠকে এ অনুরোধ জানানো হয়।
পরে বিকেএমইএ এর সভাপতি ফজলুল হক বৈঠকে আলোচিত বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, "আমরা যারা বিদেশি মুদ্রা অর্জন করি, তারা যদি বিদেশ থেকে ঋণ নিতে পারতাম তাহলে দুটো উপকার হতো। প্রথমত দেশীয় ব্যাংকগুলোর তুলনায় আমরা অনেক কম সুদে (ছয় থেকে সাত শতাংশ হারে) ঋণ নিতে পারতাম। দ্বিতীয়ত, এরফলে স্থানীয় ব্যাংকগুলোর ওপর চাপ কমে আসায় তাদের তহবিলও বাড়তো। এ ব্যাপারে অর্থ উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ব্যবস্থা নিলে সরকার ইতিবাচক ভূমিকা রাখবে।"
ওইসব ঋণ বিদেশি মুদ্রায় শোধ করার বাধ্যবাধকতার কারণে এ ধরণের ঋণ সুবিধা তাদের জন্য খুবই সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিকেএমইএ সভাপতি জানান, বৈঠকে তারা ব্যাংক ঋণের ওপর সুদের হার ১২ শতাংশে নামিয়ে আনার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি বাজেটে নিট খাতে নগদ অর্থ সহায়তা পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে সাত শতাংশে উন্নীত করারও প্রস্তাব করা হয়েছে।
এসব ব্যাপারে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "ব্যবসায়ী ও ব্যাংকার্সরা মিলে সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক ঋণের ওপর সুদের হার সর্বোচ্চ ১৪ শতাংশ রাখা হবে। আমাদের প্রথম কাজ হবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা।"
তিনি জানান, সুদের হার আরও কমিয়ে আনার সঙ্গে মুল্যস্ফীতি, আমানত সংগ্রহ ও ঋণ খেলাপির হার সম্পৃক্ত।
উপদেষ্টা আরো বলেন, "সুদের হার কমানোর ক্ষেত্রে মূল ইস্যুটা হচ্ছে আমানত ও ব্যাংক ঋণের সুদের হারের ব্যবধান। এই ব্যবধান কমাতে গিয়ে যদি আমানতের হার কমাতে হয়, তাহলে ব্যাংকিং খাত আমানত পাবে না। কাজেই এখন ব্যবসায়ী ও ব্যাংকার্সদের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। পরে সুদের হার আরো কমানোর বিষয়টি দেখা যাবে।"
বাজেটে বিকেএমইএর জন্য নগদ অর্থ সহায়তা পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে সাত শতাংশ করার প্রস্তাব প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, "বিষয়টি বিবেচনা করা হবে। তবে এ ব্যাপারে কিছু কিছু অসুবিধার কথা তাদের বলেছি। তারা একটি নিট পল্লী স্থাপনের কথা বলেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো প্রকল্প এলে সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছি।"
বৈঠকে অন্যান্যের মধ্যে বিকেএমইএ সহ-সভাপতি আব্দুর রাশেদ, আব্দুর রহমান ও জাহেদুল হক ভূঁইয়াসহ সমিতির অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এমএ/১৬৪৪ ঘ.
bdnews24