২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষবারের মতো অঘোষিত আয় বৈধ করার সুযোগ চান ব্যবসায়ীরা

ব্যবসায়ীদের পক্ষ থেকে 'শেষবারের মতো' অপ্রদর্শিত বা অঘোষিত আয় বৈধ করার সুযোগ চেয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 12:27 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীদের পক্ষ থেকে 'শেষবারের মতো' অপ্রদর্শিত বা অঘোষিত আয় বৈধ করার সুযোগ চেয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক। বুধবার তিনি বলেছেন, "বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে শেষবারের মতো আমরা এ সুযোগ চাইছি।" '২০০৮-০৯ অর্থ বছরের বাজেট: বাস্তবতা ও প্রত্যাশা' শীর্ষক এক আলোচনা সভায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দীর্ঘদিন রাখা উচিৎ নয় মন্তব্য করলে আনিসুল হক ব্যবসায়ীদের পক্ষ থেকে এ কথা বলেন। ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, "অনেক দেশেই কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়। তবে কোনো দেশই দীর্ঘ সময় ধরে এ সুযোগ দেয় না। দীর্ঘ সময় ধরে কালো টাকা সাদা করার সুযোগ থাকলে তা অভ্যাসে পরিণত হবে। সাধারণ মানুষের কর দেয়ার প্রবণতা কমে যাবে।" কালো টাকা বা অপ্রদর্শিত আয়- যে কোনো ধরনের অঘোষিত আয় বৈধ করার সুযোগ অনির্দিষ্টকাল বহাল রাখা উচিৎ নয় বলে মন্তব্য করেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এনবিআর চেয়ারম্যান বলেন, "অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেয়া নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক আলোচনা হচ্ছে। বাজেট ঘোষণার আর মাত্র কিছু দিন বাকি। এ অবস্থায় আমার কোনো মন্তব্য করা উচিৎ হবে না। তবে ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে আমি একমত। অনির্দিষ্টকাল এ সুযোগ দেয়া উচিৎ নয়।" আবদুল মজিদ বলেন, "একজন করদাতা নিয়ম মেনে নির্ধারিত হারে নিয়মিত কর দিচ্ছেন। অন্যদিকে একজন করদাতা দুই বছর পরও তার বৈধ কিন্তু অঘোষিত আয় কিছু জরিমানা দিয়ে বৈধ করার সুযোগ পাচ্ছেন- এটা এক ধরনের বৈষম্যের পর্যায়ে চলে যায়। এমনও হতে পারে ওই ব্যক্তি দুই বছর ব্যাংকে টাকা জমা রেখে অনেক সুদ পাওয়ার পর অঘোষিত আয় বৈধ করতে এসেছেন।" এনবিআর চেয়ারম্যন বলেন, "এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে চোর চোরই, ডাকাত ডাকাতই। এ বিষয়টি বিবেচনায় রেখেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া উচিৎ।" ওয়াহিদউদ্দিন মাহমুদ ও আবদুল মজিদ এ ধরনের মত প্রকাশের পর সাংবাদিকরা আনিসুল হকের কাছে জানতে চান, অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হচ্ছে কি না। জবাবে এফবিসিসিআই সভাপতি বলেন, "আমরা কালো টাকা সাদা করার সুযোগ চাইনি। বৈধভাবে উপার্জিত আয় বৈধ করার সুযোগ চেয়েছি। বিভিন্ন সময়ে রাজনৈতিক সরকারগুলো এ সুযোগ দিয়েছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে শেষবারের মতো আমরা এ সুযোগ চাইছি।" এর আগে আনিসুল হক তার বক্তব্যে বলেন, "দেশের বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ বাড়াতে আমরা (ব্যবসায়ীরা) কেবল বৈধভাবে উপার্জিত আয় অর্থাৎ অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ চেয়েছি। এক্ষেত্রে আমরা দুটি প্রস্তাব এনবিআরের মাধ্যমে সরকারের কাছে পাঠিয়েছি।" "একটি প্রস্তাবে বলা হয়েছে- বিভিন্ন খাতে যে অপ্রদর্শিত আয় বিনিয়োগ করা হবে তা জরিমানা ছাড়াই বৈধ করার সুযোগ দিতে হবে। আর দ্বিতীয় প্রস্তাব হচ্ছে, যে অপ্রদর্শিত আয় বিনিয়োগ করা হবে না, তা কিছু জরিমানা দিয়ে বৈধ করার সুযোগ দিতে হবে।" আসন্ন বাজেট প্রসঙ্গে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, "বিভিন্ন রাজনৈতিক ইস্যু দেশের অর্থনীতিকে গ্রাস করে ফেলেছে। এ রকম একটি পরিস্থিতিতে অর্থ উপদেষ্টাকে বাজেট দিতে হচ্ছে। আমার বিবেচনায় বাজেট প্রণয়ন করতে গিয়ে অর্থ উপদেষ্টাকে তিনটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এগুলো হচ্ছে- জ্বালানি তেল, সার, খাদ্যপণ্যসহ বিভিন্ন খাতে ভর্তুকি বজায় রাখা; মূল্যস্ফীতি যাতে আরও না বেড়ে সহনীয় পর্যায়ে থাকে- সে জন্য বেসরকারি খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি এবং উন্নয়ন বাজেটের আকার (এডিপি) বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য করা।" এডিপি প্রসঙ্গে তিনি বলেন, "নতুন বাজেটে ২৫ হাজার ৫০০ কোটি টাকার এডিপি নেয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে। যা গত অর্থ বছরের এডিপি'র চেয়ে এক হাজার কোটি টাকা কম। এদিক দিয়ে এটি বাস্তবসম্মত বলেই মনে হচ্ছে। এক লাখ কোটি টাকার বাজেট দেয়া হবে বলে সরকারিভাবে আভাস দেয়া হয়েছে। কিন্তু এক লাখ কোটি টাকার বাজেটে ২৫ হাজার কোটি টাকার এডিপি মানে মোট বাজেটের ২৫ শতাংশ উন্নয়ন বাজেটে রাখা। কয়েক বছর আগের বাজেটগুলো যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখতে পাব মোট বাজেটে উন্নয়ন বাজেটের পরিমাণ ছিল ৪০ শতাংশের মতো। এদিক দিয়ে নতুন বাজেটে উন্নয়ন বাজেটের পরিমাণ কমে আসছে কি না তাও বিবেচনায় রাখতে হবে।" অন্যান্যের মধ্যে ইআরএফ সভাপতি নাজমুল আহসান ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএ/১৮১০ ঘ.