২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি ব্যাংকের শিল্প ঋণের সুদের হার কমে ১৪ শতাংশ হচ্ছে

বাংলাদেশ ব্যাংক ও ব্যবসায়ীদের চাপের মুখে শেষ পর্যন্ত উৎপাদনশীল খাতের সব ধরনের ব্যাংক ঋণের সুদের হার ১৪ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি ব্যাংক মালিক ও নির্বাহীরা। এ সিদ্ধান্ত আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 06:22 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংক ও ব্যবসায়ীদের চাপের মুখে শেষ পর্যন্ত উৎপাদনশীল খাতের সব ধরনের ব্যাংক ঋণের সুদের হার ১৪ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি ব্যাংক মালিক ও নির্বাহীরা। এ সিদ্ধান্ত আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা। রোববার রাতে রাজধানীর বনানীতে বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) কার্যালয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই), বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজেএমইএ) ও বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নেতৃবৃন্দের সঙ্গে বিএবি ও ব্যাংক নির্বাহীদের সংগঠন এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) নেতৃবৃন্দের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠক শেষে বিএবি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের বলেন, "১ জুলাই থেকে শিল্প খাতে বিতরণ করা চলতি ও মেয়াদীসহ সব ধরনের ঋণের সুদের হার ১৪ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি আমরা। দু'একদিনের মধ্যে বিএবি'র পক্ষ থেকে সার্কুলার দিয়ে সব ব্যাংককে এ নিয়ম মেনে চলতে বলা হবে।" এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বলেন, "আমরা ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে উৎপাদনশীল খাতে সব ধরনের ঋণের সুদের হার ১২ শতাংশে নামিয়ে আনার অনুরোধ করেছিলাম। অনেক দর কষাকষির পর ব্যাংক মালিক ও নির্বাহীরা তা ১৪ শতাংশে নামিয়ে আনতে রাজি হয়েছেন।" তিনি বলেন, "ব্যাংকগুলো শিল্প খাতে ১৫ থেকে ১৮ শতাংশ পর্যন্ত সুদ নিয়ে থাকে। আমরা আপাতত ১৪ শতাংশ সুদেই খুশি। তবে এই হার ১২ শতাংশে নামিয়ে আনার ব্যাপারে আমাদের আলোচনা অব্যাহত থাকবে।" নজরুল ইসলাম মজুমদার বলেন, ''গত মার্চ মাসে ব্যাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে আমরা শিল্প খাতে ১৪ দশমিক ৫০ শতাংশ সুদে চলতি মূলধন এবং ১৪ দশমিক ৭৫ শতাংশ সুদে মেয়াদী ঋণ বিতরণের প্রতিশ্র"তি দিয়েছিলাম। ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে সব ঋণের ক্ষেত্রেই সুদের হার ১৪ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি আমরা।" বিজেএমইএ সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ জানান, বৈঠকে তৈরি পোশাক শিল্পের ৮৮টি রুগ্ন কারখানা সচল করতে ওইসব কারখানার নেয়া ঋণের সব সুদ মওকুফ করার সিদ্ধান্ত হয়েছে। অন্যান্যের মধ্যে বিকেএমইএ সভাপতি ফজলুল হক, এবিবি চেয়ারম্যান মাহামুদকে সাত্তারসহ এফবিসিসিআইয়ের নেতৃবৃন্দ বৈঠকে অংশ নেন। এর আগে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর ব্যাংক মালিক ও নির্বাহীদের সংগঠন দুটি গত ৩ মার্চ ঋণের সুদের হার কমানোর অঙ্গীকার করে। তবে এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে তিন মাস সময় চেয়ে নেয় ব্যাংকগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/০০১৩ ঘ.