ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানো গেলে উচ্চ মূল্যস্ফীতি কোনো সমস্যা নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ। আর ক্রয়ক্ষমতা বাড়ানোর জন্য ব্যাপক কর্মসংস্থানের পরামর্শ দিয়েছেন তিনি।
শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশন ও নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত "জিরো বেস্ড বাজেটিং" শীর্ষক এক সেমিনারে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সালেহউদ্দিন আহমেদ বলেন, "১/২ শতাংশ মূল্যস্ফীতি তেমন কোনো সমস্যা নয়। মূল বিষয় হচ্ছে মানুষের ক্রয়ক্ষমতা। ক্রয়ক্ষমতা বাড়ানো গেলে উচ্চ মূল্যস্ফীতি কোনো সমস্যা নয়। অনেক দেশে ৪০ শতাংশ পর্যন্ত মূল্যস্ফীতি রয়েছে, কিন্তু তাদের কোনো সমস্যা হয়নি। আর আমাদের এখানে ১০ শতাংশ মূল্যস্ফীতিই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের ক্রয়ক্ষমতা কম হওয়াতেই এ সমস্যার সৃষ্টি হয়েছে।"
ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে আগামী বাজেটে কৃষিসহ কর্মসংস্থান সৃষ্টির সুযোগ আছে এমন খাতগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য সরকারকে পরামর্শ দেন তিনি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্দার্ন ইউনিভার্সিটির উপাচার্য এম সামসুল হক।
গভর্নর বলেন, "বর্তমান বাস্তবতায় বাংলাদেশে 'জিরো বেসড বাজেট' প্রণয়ন খুবই কঠিন। এ ধরনের বাজেট করতে হলে প্রচুর তথ্য-উপাত্তের প্রয়োজন। স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত করা দরকার। সবার আগে প্রয়োজন দায়িত্বশীলতা। আমাদের এখানে এ সব কিছুরই অভাব রয়েছে।"
আন্তর্জাতিক বাজারে খাদ্য দ্রব্যের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে খাদ্য উৎপাদন বাড়ানো প্রয়োজন মন্তব্য করে নতুন বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন সালেহউদ্দিন আহমেদ।
বাজেটে কৃষি খাতে দেওয়া বরাদ্দ যাতে ঠিকমতো বাস্তবায়ন হয় সেদিকে সরকারকে বিশেষ নজর দেওয়ারও পরামর্শ দেন তিনি।
এ প্রসঙ্গে গভর্নর বলেন, "বাজেট বিকেন্দ্রীকরণ করতে না পারলে শুধু স্থানীয় সরকার শক্তিশালী করে কোনো লাভ হবে না।"
বাংলাদেশে জিরো বেসড বাজেটিং- এর ধারণা নতুন- এ মন্তব্য করে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও এমবিএ অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার ইব্রাহিম খালেদ বলেন, "অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের কথা বিবেচনা করে শূন্য থেকে বাজেট প্রণয়নই জিরো বেসড বাজেটিং এর মূল কথা। অর্থাৎ সামনের বছরগুলোতে আমাদের বাজেটে কোন কোন খাত অগ্রাধিকার পাবে, তা পুরোপুরি বাস্তবায়নের জন্য কি ধরনের পদক্ষেপ নিতে হবে তার পূর্ণাঙ্গ চিত্র জিরো বেসড বাজেটিং- এ থাকতে হবে।"
এই মুহূর্তে বাংলাদেশ সরকারের এ ধরনের বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষমতা নেই বলে মন্তব্য করেন তিনি।
ইব্রাহিম খালেদ বলেন, "আমাদের বাজেট গরীবের বাজেট। আর গরীবের বাজেটে কখনই উদ্বৃত্ত থাকে না। বর্তমান প্রেক্ষাপটে কৃষি খাতে বরাদ্দ বাড়াতে হবে- এ কথা বলার অপেক্ষা রাখে না। কোন খাতে বরাদ্দ কমিয়ে কৃষি খাতে বরাদ্দ বাড়ানো যেতে পারে- সে প্রশ্নের একটাই উত্তর ছিল। কিন্তু তা এখন বলা যাবে না। আগামী ডিসেম্বরের আগ পর্যন্ত বলা যাবে না।"
সুস্পষ্ট করে কিছু না বললেও 'অনুৎপাদনশীল' খাতে কমিয়ে কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর ব্যাপারে মত দেন তিনি।
সুশাসন নিশ্চিত করতে না পারলে শুধু বরাদ্দ বাড়িয়ে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন ইব্রাহিম খালেদ।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকীর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক রহিম বি তালুকদার, এইমস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইয়াওয়ের সাঈদ, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইরফানউদ্দিন আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এসকে/২২০৬ঘ.
bdnews24